হাইকোর্টে রাউজান ইউপি চেয়ারম্যানের আগাম জামিন মঞ্জুর
চট্টগ্রামের রাউজান--৭ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আগাম জামিন প্রদান করেছেন হাইকোর্ট। চাল বিতরণে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলার চার্জশিট দাখিলের আগ পর্যন্ত তার জামিন কার্যকর হবে।
বিচারপতি এমএ রশিদ এবং বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ রোববার শাহ আলমের দায়ের করা জামিন আবেদনের শুনানি শেষে তাকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, সে ব্যাপারে চার সপ্তাহের মধ্যে জবাব চেয়ে সরকারের প্রতি একটি কারণ দর্শানোর রুল জারি করেছে।
স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের মেম্বার আবু জাফর মোনা গত ৩০ অক্টোবর সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলমের বিরুদ্ধে একটি প্রকল্পের পাঁচ বস্তা চাল বিতরণে অনিয়ম করার অভিযোগ এনে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন।
চেয়ারম্যান শাহ আলম হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ইনায়েতুর রহিম।
