২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার-বিরোধী দল সংলাপ: উদ্যোগ নিতে রাজি নয় কোনো পক্ষই

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে সরকার ও বিরোধী দল উভয়ই আলোচনার কথা বললেও সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে উদ্যোগ নিতে রাজি নয় কোনো পক্ষই। দু’পক্ষই একে অন্যের ওপর দায় চাপাচ্ছে ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দলের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিরোধী দল বলছে, সরকার সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে উদ্যোগ নিলে আলোচনায় বসতে তাদের কোনো আপত্তি নেই। তবে তা হতে হবে সংসদের বাইরে। এর আগে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে।

অপরদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিরোধী দল আলোচনার উদ্যোগ নিলে যে কোনো দিন, যে কোনো স্থানে, যে কোনো ইস্যুতেই আলোচনা হতে পারে। তবে উদ্যোগ নিতে হবে বিরোধী দলকেই।

ক্ষমতাসীন চারদলীয় জোটের স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া রোববার তার কার্যালয়ে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, সরকার মনে করে আলাপ--আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হতে পারে। আমরা আলোচনায় বসতে রাজি আছি। বিরোধী দল তাদের দাবি নিয়ে আলোচনার উদ্যোগ নিক, দিন--তারিখ ঠিক করুক। তারা যে কোনো ইস্যুতে, যে কোনো স্থানে ডাকলে, আমি আলোচনায় যাবো।

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ  নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব আগেই দিয়েছি। এর গ্রহণযোগ্যতা স্বীকার করে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হোক, আমরা তা বিবেচনা করবো।

তিনি বলেন, মান্নান ভুঁইয়া সাহেব আসলে কী চান, সেটা সুষ্পষ্টভাবে আমাদের জানাতে হবে।

আব্দুল জলিল বলেন, আমরা আমাদের অবস্থান আগেই জানিয়েছি। আলোচনার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের কাছে দিতে হবে।

মান্নান ভূঁইয়ার পক্ষ থেকে দেওয়া প্রস্তাবে সাড়া দেবেন কি না, এমন এক প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।

গত ২২ নভেম্বর ঢাকার পল্টন ময়দানে আওয়ামী লীগসহ ১৪ দলের মহাসমাবেশের একদিন পর সংসদের সমাপনি বক্তব্যে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বিরোধী দলের প্রতি সংসদের ভেতরে অথবা বাইরে আলোচনার প্রস্তাব দেন। তার বক্তব্যের প্রেক্ষিতে ২৫ নভেম্বর ১৪ দলের লিয়াজোঁ কমিটি সভায় বসে এ নিয়ে আলোচনা করে। ওই দিন রাতেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে লিয়াজোঁ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়--সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট আলোচনার প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে। বিরোধী দল আলোচনার কোন প্রস্তাব দেবে না।