সংসদের সংক্ষিপ্ততম চলতি অধিবেশন বৃহস্পতিবার শেষ হচ্ছে
অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে বসা অষ্টম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বৃহস্পতিবার শেষ হচ্ছে। এ অধিবেশনের মেয়াদ হবে মাত্র পাঁচ দিন।
বুধবার দিনের কার্যসূচি শেষে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করেছেন।
বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে শুরু হলেও অধিবেশন শুরুর সময় সংসদে কোরাম সংকট ছিল। ওই সময় সংসদে মাত্র ৫৭ জন সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে ৩৩ জন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সাংসদ।
সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদের বৈঠক মুলতবির সময় সংসদে উপস্থিত সদস্যের সংখ্যা ছিল মাত্র ৪৫ জন। ৪৫টি সংরক্ষিত আসনে নির্বাচিত ওই মহিলা সাংসদরাও সংসদের কোরাম সংকট পূরণে সক্ষম হচ্ছেন না।
বুধবারও সংসদের অধিবেশনে দ্বিতীয় দিনের মতো সাংবাদিক ও সংবাদপত্রের বিরুদ্ধে বিষোদগার অব্যাহত থাকে।
জামায়াতে ইসলামীর সাংসদ শাহ রুহুল কুদ্দুস পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ আরোপের জন্যে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান।
তিনি বলেন, এখনকার সাংবাদিকরা অবাধে হলুদ সাংবাদিকতা করছেন। অথচ তাদের নিয়ন্ত্রণের কোনও আইন নেই।
পরে স্পিকার জমিরউদ্দিন সরকার এ ব্যাপারে এক রুলিং দেন। স্পিকার রুলিংয়ে কঠোর আইন প্রণয়নের দাবিকে পরোক্ষভাবে সমর্থন করে বলেন, আগে প্রেস কাউন্সিল আইনে সাংবাদিকদের নোটিশ দেওয়া হলে তারা অপমান ও লজ্জা বোধ করতেন। এখনকার সাংবাদিকদের লজ্জাবোধও নেই। তাদের নিয়ন্ত্রণের জন্যে কঠোর আইন প্রণয়ন করা দরকার।
বুধবার দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্বের শেষে বাতিল নোটিশের ওপর আলোচনা, ৭১ বিধিতে গৃহীত তিনটি নোটিশের নিষ্পত্তি এবং বিভিন্ন দলের সাংসদদের আনা ৬২ বিধির ২৯টি মুলতবি প্রস্তাবের নিষ্পত্তি করা হয়। বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে আনা ওইসব নোটিশের সবগুলোই স্পিকার নাকচ করে দেন।
