সংসদে সংস্কার প্রস্তাব আনুন: সরকারকে আব্দুল জলিল, বৃহস্পতিবার ১৪ দলের হরতাল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি সরকারকে আলোচনার আহ্বান জানিয়ে বলেছেন, এখনও সময় আছে। বাইরে আলাপ আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি মেনে নিন।
বুধবার ঢাকায় ১৪ দলের বিশাল মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, আপনারাই সংসদে সংস্কার প্রস্তাব আনুন। এর আগে কেউ সংসদে যাবে না। বাইরে আলোচনার পর কেবল এর সাংবিধানিক রূপ দেওয়ার জন্যে আমরা সংসদে যেতে পারি।
সরকারকে অবিলম্বে পদত্যাগ ও বিরোধী দলের দাবি মেনে নিয়ে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে অবাধ নির্বাচনের দাবি জানান আব্দুল জলিল।
মহাসমাবেশে বাধাদান, গ্রেপ্তার নির্যাতন হয়রানির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে মুক্তাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে ১৪ দলের এক বিশাল মিছিল নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলকারীরা বৃহস্পতিবারের হরতালের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।
এদিকে আওয়ামী লীগসহ ১৪ দলের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল বৃহস্পতিবার। বিরোধী দলের এ হরতাল মোকাবেলা ও সহিংসতা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবারের মহাসমাবেশে বাধাদান, দেশব্যাপী গণগ্রেপ্তার, অত্যাচার নির্যাতন হয়রানির প্রতিবাদ ও জোট সরকারের পদত্যাগ দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঐতিহাসিক পল্টন ময়দানে ১৪ দলের মহাসমাবেশ থেকে বৃহস্পতিবারের হরতালসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
এর একদিন পর বুধবার মুক্তাঙ্গনের সমাবেশে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তাকে উদ্দেশ্য করে আব্দুল জলিল বলেন, মহাসমাবেশ করে যদি সরকার পতন না হয়, তবে নাটক সাজিয়ে কেন পরিবহন ধর্মঘট করলেন। সারা দেশে পুলিশ র্যাব দিয়ে গ্রেপ্তার, হয়রানি ও অত্যাচার নির্যাতন করে মহাসমাবেশে লোক আসতে বাধা দিলেন কেন?
সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাধা দিয়েও গণজাগরণ রোধ করতে পারেননি। মানুষের জাগরণ ঠেকাতে পারেননি। জনতার অপ্রতিরোধ্য শক্তিকে রুখতে পারেননি।
বৃহস্পতিবার সারা দেশে ১৪ দল আহূত সকাল সন্ধ্যা হরতাল সফল করার জন্য দলের নেতা কর্মীসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
আব্দুল জলিল বলেন, বিএনপি জামাত জোটের পতনের দিন ঘনিয়ে এসেছে। জনতার বিজয় অবশ্যই হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে গণফোরামের মোস্তফা মহসীন মন্টু, জাসদের মীর হোসাইন আখতার, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, গণতন্ত্রী পার্টির শওকত আলী হিরা, সাম্যবাদি দলের হারুন চৌধুরী এবং আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল ইসলাম ও হাজী মোহাম্মদ সেলিম বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণতন্ত্রী পার্টি সভাপতি নুরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি সম্পাদক বিমল বিশ্বাস, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণফোরাম প্রেসিডিয়াম সদস্য মফিজুল ইসলাম খান কামাল, গণআজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এদিকে বৃহস্পতিবারের হরতাল সফল করতে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিভিন্ন সংগঠন বুধবার নগরীতে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে।
এ সকল সমাবেশ থেকে হরতাল সফল করে সরকার পতন আন্দোলনকে এগিয়ে নিতে বিরোধী দলের নেতা কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ হরতালের সমর্থনে নগরীতে পৃথক মিছিল বের করে।
এদিকে বিরোধী দলের হরতালে রাজধানীতে মোতায়েন করা হবে পাঁচ হাজার পুলিশ। এছাড়া নিয়োজিত থাকবে এপিবিএন, বিডিআর, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্য।
হরতালকে সামনে রেখে ইতোমধ্যে রাজধানীর সকল প্রবেশমুখসহ নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
