২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাব মেনে পদত্যাগ করুন: ১৪ দলের সমাবেশে আব্দুল জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি সরকারকে অবিলম্বে সংস্কার প্রস্তাব মেনে নিয়ে অবাধ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি এরআগে সরকারের নিঃশর্ত পদত্যাগ দাবি করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বুধবার ঢাকার মুক্তাঙ্গনে ১৪ দলের মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন। মহাসমাবেশে বাধাদান, গ্রেফতার, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে এক বিশাল মিছিল নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলকারীরা বৃহস্পতিবার অনুষ্ঠেয় হরতালের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।

আব্দুল জলিল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় আছে। আলাপ -- আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি মেনে নিন। সংসদে প্রস্তাব আনুন। এরআগে কেউ সংসদে যাবে না। সংসদের বাইরে আলোচনার পরই কেবল এর সাংবিধানিক রূপ দেওয়ার জন্য আমরা সংসদে যেতে পারি।

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, মহাসমাবেশ করে যদি সরকার পতন না হয়, তবে নাটক সাজিয়ে কেনো পরিবহন ধর্মঘট করলেন? সারাদেশে পুলিশ ও র‌্যাব দিয়ে গ্রেফতার, হয়রানি ও অত্যাচার -- নির্যাতন করে মহাসমাবেশে লোক আসতে বাধা দিলেন কেনো?

তিনি বলেন, সরকার জনগণের ভয়ে ভীত হয়ে বাধা দিয়েও গণজাগরণ রোধ করতে পারেনি। জনতার অপ্রতিরোধ্য শক্তিকে রুখতে পারে নি।

আব্দুল জলিল বলেন, বিএনপি -- জামাত জোটের পতনের দিন ঘনিয়ে এসেছে। জনতার বিজয় অবশ্যই হবে। 

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে গণফোরামের মোস্তফা মহসীন মন্টু, জাসদের মীর হোসাইন আখতার, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, গণতন্ত্রী পার্টির শওকত আলী হিরা, সাম্যবাদি দলের হারুন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় আওয়ামী লীগ, জাসদ (ইনু), ওয়ার্কার্স পাটির্, গণফোরাম, ১১ দল, ন্যাপ’র প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।