বিরোধী দলের কর্মসূচির কারণে মঙ্গলবার সংসদ বসবে দেড় ঘন্টা পর, নতুন সদস্য পরিচিতির ক্ষেত্রে রেওয়াজ ভাঙলেন স্পিকার
জাতীয় সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন অধিবেশন শুরু হবে নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর।
বিরোধী দলের মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও ক্ষমতাসীন দলের কর্মসূচিতে সাংসদদের ব্যস্ততার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
সোমবার বিকেল সোয়া ৪টায় স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
মাত্র এক ঘন্টা অধিবেশন চলার পর সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতিতে স্পিকার অধিবেশন মুলতবি করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টায় স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সাংসদরা সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাবেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও উপস্থিত থাকবেন। এ জন্যে সংসদের অধিবেশন সন্ধ্যার আগেই মুলতবি করা হয়েছে।
এর আগে দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে আওয়ামী লীগের বর্জনের কারণে শূন্য নয়টি আসনে নির্বাচিত ক্ষমতাসীন দলের মহিলা সদস্যদের পরিচয় করিয়ে দেন।
সংসদের রেওয়াজ অনুযায়ী অধিবেশনে ওই সদস্যদের উপস্থিতির প্রথম দিনে সংসদে পরিচয় করিয়ে দেওয়ার কথা। এক্ষেত্রে স্পিকার রেওয়াজ ভেঙে ওই সদস্যদের উপস্থিতির দ্বিতীয় দিনে সংসদে পরিচয় করিয়ে দিলেন।
সোমবার সংসদে ‘ড্রাগ (কন্ট্রোল) (সংশোধন) বিল, ২০০৫’ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে সংসদে উপস্থাপিত হয়। কমিটির সভাপতি মসিউর রহমান রিপোর্টটি সংসদে উপস্থাপন করেন। দিনের অন্যান্য কার্যক্রম স্থগিত রাখা হয়।
