বিসিএস’র প্রশ্নপত্র ফাঁসে আ.লীগের ক্ষোভ নিন্দা ও প্রতিবাদ
বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।
দলের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ শনিবার এক বিবৃতিতে বলেন, জোট সরকার পিএসসিকে দলীয় আজ্ঞাবহ সংগঠন বানিয়ে সরকারি দলের ক্যাডারদের সরকারি চাকরি প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর নিয়মিত প্রশ্নপত্র ফাঁস করে চলেছে।
তিনি বলেন, উপর্র্যুপরি বিসিএস’র প্রশ্নপত্র ফাঁস, পিএসসি’তে নিয়ম বহির্ভূত নিয়োগদান এবং দলীয়করণ থেকে এটি স্পষ্ট হয়ে উঠেছে, সরকারের সর্বোচ্চ মহলই এসকল অপকর্মের প্রধান হোতা।
তিনি পিএসসিকে দলীয়করণমুক্ত করা এবং বার বার প্রশ্নপত্র ফাঁসের জন্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
