আত্মত্যাগের মহৎ মনোভাব নিয়ে অগ্রসর হও: মেধাবী শিক্ষার্থীদের প্রতি হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আত্মমর্যাদাশীল আধুনিক সমৃদ্ধশালী দেশ গঠনে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি একই সঙ্গে জাতিকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে আত্মত্যাগের মহৎ মনোভাব নিয়ে সততা ও আস্থার সাথে অগ্রসর হওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
শুক্রবার এএইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাস নৈরাজ্যের কালো ছায়া দেশকে ঘিরে ফেলেছে। মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে মিথ্যাচার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সঠিক ইতিহাস খুঁজে বের করে গৌরবের ইতিহাস প্রতিষ্ঠা করতে হবে তোমাদেরকেই। বর্তমান নৈরাজ্যকর অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে।
শেখ হাসিনা বলেন, মহৎ অর্জনের জন্য মহৎ আত্মত্যাগ করতে হবে। দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রেখে জাতির মুখ উজ্জল করতে ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত সিকদার।
বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক একে আজাদ চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা: ইকবাল আর্সলান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ।
কৃতী ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এছাড়া জিপিএ প্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ও সাবরিনা আখতার।
শেখ হাসিনা শিক্ষার্থীদের উপদেশ দিয়ে বলেন, জ্ঞানার্জন ছাড়া কোন জাতি উন্নত ও সমৃদ্ধ হতে পারে না। তাই দেশকে উন্নত করতে জ্ঞান বিজ্ঞান মেধা মনন দরকার। আর এজন্য তোমাদের ভালোভাবে পড়াশুনা করতে হবে। দেশ জাতিকে এগিয়ে নিতে সোনার বাংলা গড়ার কারিগর তোমরাই। তাই নিজেদের আস্থা ও বিশ্বাস ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, দেশের মেহনতি মানুষের রক্ত পানি করা পরিশ্রমের অর্থে রাষ্ট্রের কোষাগার গড়ে ওঠে। তাই তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে। মানবতাবাদী হতে হবে সকলকে।
ভালো ফলাফলের জন্য সংবর্ধিতদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। অভিবাবক ও শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জাতিকে মেধাবী ছেলে মেয়ে উপহার দেওয়ার জন্য আমি আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
পরে জিপিএ প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরন করেন শেখ হাসিনা।
