২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বোমা হামলা: নিহতের পরিবারকে সান্তনা দিতে গিয়ে বরিশালে আইনমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লাঞ্ছিত

ঝালকাঠিতে জেএমবি’র বোমা হামলায় নিহত সহকারী জজ জগন্নাথ পাঁড়ের শশুরবাড়ি বরিশালে শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দিতে গিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লাঞ্ছিত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা আড়াইটার দিকে আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আইজিপি আব্দুল কাইয়ুম, র‌্যাবের মহাপরিচালক এম. আজিজ সরকার, দক্ষিণাঞ্চলের কয়েকজন এমপিসহ নিহতের বরিশাল শহরের ফিশারী রোড়ের শ্বশুরবাড়িতে সান্তনা দিতে যান। সেখানে নিহতের স্ত্রী রীতা পাঁড়ে, তার বাবা মুকুল মুখার্জি এবং পরিবারের অন্য সদস্যরা তাদের দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন।

নিহতের পরিবারের সদস্যদের একজন কোমরের বেল্ট খুলে আইনমন্ত্রীকে আঘাত করেন। এসময় তার কোট ধরে টানা হেঁচড়াও হয়। ক্ষুব্ধ পরিবারের সদস্যরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেন। শোক বিহ্বল পরিবারের সদস্যরা তাদের ‘তুই-তোকারি’ করে বলতে থাকেন, ‘একজন জজকে নিরাপত্তা দেওয়ার মুরোদ নেই, আবার তোরা সান্তনা দিতে আসিস!’

পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সব ধরনের সন্ত্রাস মোকাবেলায় আমরা সচেষ্ট। তবে আমাদের লোকবল একেবারেই সীমিত।

তিনি বলেন, এই সীমিত লোকবল নিয়েই আমরা সন্ত্রাস দমনের চেষ্টা চালাচ্ছি।

তিনি আরো বলেন, এ জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে অবিলম্বে দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। দেশে বিরাজমান শান্তি বিনষ্ট হতে পারে, এমন কোনও কার্যক্রম সরকার প্রশ্রয় দেবে না। রাষ্ট্র, সংবিধান, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে ধ্বংস করার মতো যে কোনও ষড়যন্ত্র নির্মূলে সরকার আগের মতোই কঠোর অবস্থানে থাকবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইসলামের নাম ব্যবহার করে যারা সন্ত্রাস চালাচ্ছে, তারা ইসলাম ও মানবতার শত্রু।

আইজিপি আব্দুল কাইউম জানান, ভবিষ্যতে সহকারী জজসহ সকল জজদের গ্যানম্যান দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

এদিকে আইজিপি ঝালকাঠিতে বোমা হামলার মামলাটি দ্রুত বিচার আদালতে হস্তান্তরের নির্দেশ দেন।