২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সোমবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার সোমবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বাণী দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।

ওই বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাসহ রাজনৈতিক পট-পরিবর্তনের পর ৩ নভেম্বর একটি প্রতিবিপ্লব ঘটে। এর মাত্র চারদিন পর ৭ নভেম্বর পাল্টা বিপ্লব সংঘটিত হয়। ১৫ আগস্টের ঘটনার পর দুই মাস ২২ দিন দেশে বিরাজ করছিল একটি বিশৃঙ্খল ও অনিশ্চিত পরিস্থিতি। ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে যার অবসান ঘটে।

এরপর থেকেই বর্তমান ক্ষমতাসীন বিএনপিসহ তাদের সমমনা দলগুলো এ দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।

১৯৭৬ সাল থেকে দিনটি সরকারি ছুটির দিন ছিল। তবে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই ছুটি বাতিল করা হয়। পাঁচ বছর পর বিএনপি আবারো ক্ষমতায় ফিরে এলে ৭ নভেম্বর সরকারি ছুটির দিন ঘোষণা করে। এবারও দিনটিতে সরকারী ছুটি থাকছে।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। ৭ নভেম্বর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হবে।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং তাদের সমমনা দলগুলো দিনটিকে ‘মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দিনটিকে সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করবে।

বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনটি পালনের জন্যে আলোচনা সভা, সেমিনার, মিলাদ মাহফিল, কোরআনখানি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মন্দির, প্যাগোডা ও গীর্জাতেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও তার মাজারে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হবে।

বিকেলে বিএনপি ঢাকা মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া।

বিকেল চারটায় জাসদ (ইনু) কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সিপাহি বিপ্লবের আদর্শ হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ, পরনির্ভরশীলতার পরিবর্তে স্বনির্ভর অর্থনীতি ও আত্মমর্যাদাশীল জাতি গঠন এবং বিশ্বের বুকে বাংলাদেশ রাষ্ট্রের মর্যাদা সমুন্নতকরণ।

তিনি বলেন, এ আদর্শ বাস্তবায়নে প্রয়োজন দলমত নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টা ও জাতীয় ঐক্য। এ ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করার পাশাপাশি গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।

অপর এক তথ্য বিবরণী জানায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এ ছাড়া তিনি এ উপলক্ষে বাদ আসর বঙ্গ ভবন জামে মসজিদে মিলাদ মাহফিলেও যোগ দেবেন।