২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির বর্বর বোমা হামলাকারীরা গণতন্ত্র, মানবতা, শান্তি ও উন্নয়নের শত্রু: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংঘটিত বোমা হামলাকে মানবতা বিরোধী, বর্বর ও কাপুরুষোচিত অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের হামলাকারীরা গণতন্ত্র, মানবতা, শান্তি ও উন্নয়নের শত্রু।

শেখ হাসিনা বলেন, ঈদ-উল-ফিতর এবং দেওয়ালি উৎসবের প্রক্কালে সংঘটিত এ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন নারী ও শিশুসহ নিরীহ নিরস্ত্র মানুষ।

তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার অবস্থান পুনর্ব্যক্ত করে সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশসহ উপমহাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ হিসেবে যেভাবে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, তার চির অবসান ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

শেখ হাসিনা বোমা হামলায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

পাশাপাশি তিনি ভারত সরকার ও জনগণের প্রতি আওয়ামী লীগ তথা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।