পাবনায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, বর্তমান ও সাবেক এমপিসহ আহত ১৫
পাবনায় শনিবার দুপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বর্তমান ও সাবেক এমপিসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের সভা আহবান করা হয়।
সভায় দুই গ্রুপ মুখোমুখি হলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
এসময় বর্তমান সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি, সাবেক এমপি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাভোকেট আমজাদ হোসেন, সহ সভাপতি আবুল কালাম আজাদ বাবু এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান টিংকুসহ অন্তত ১৫ জন আহত হয়।
এ ঘটনায় শহরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর জেলা আওয়ামী লীগ সহসভাপতি আবুল কালাম আজাদ বাবু ও আব্দুল হামিদ মাস্টার, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিনকে কেন বহিস্কার করা হবে না এই মর্মে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে জেলা আওয়ামী লীগ। তাদেরকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
আহতদের মধ্যে চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
