খুলনায় তৈয়েবুর, লবী, মাজেদুল ইসলামকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি
অজ্ঞাত সন্ত্রাসীরা মঙ্গলবার খুলনা বিএনপির তিন নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে।
প্রেরকের নাম-ঠিকানাহীন ওই চিঠিতে সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান, সংসদ সদস্য আলহাজ্ব আলী আসগর লবী এবং বিএনপির জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যাপক মাজেদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়।
আলী আসগর লবীর খান এ সবুর রোডের রাজনৈতিক অফিসে মঙ্গলবার দুপুরে ওই চিঠিটি এসে পৌঁছায়। ১৬ অক্টোবর ডাকযোগে এটি পাঠানো হয়েছে। তবে কোন পোস্ট অফিস থেকে চিঠিটি পোস্ট করা হয়, ডাক বিভাগের সিলমোহরের অস্পষ্টতার কারণে তা বোঝা যায়নি।
চিঠিতে সন্ত্রাসীরা বিএনপির এ তিন নেতাকে খুলনা ছেড়ে চলে যাওয়ার ও রাজনৈতিক অফিস বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। অন্যথায় তাদের খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়।
বিএনপির জেলা সভাপতি মাজেদুল ইসলাম চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এটি রাজনৈতিক কোনও কারণ না। ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ এটি করে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
