বরিশাল অঞ্চলে হরকাতুল জিহাদের ৬ জনকে গোয়েন্দা সংস্থা চিহ্নিত করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামের বরিশাল বিভাগের ছয় সদস্যর বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন। এ অভিযোগ স্থানীয়দের।
দেশজুড়ে ১৭ আগস্ট ধারাবাহিক বোমা হামলার পর জড়িতদের খুঁেজ বের করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক প্রচেষ্টা নেয়। তখন সরকারের একটি গোয়েন্দা সংস্থা (এনএসআই) হরকাতুল জিহাদের বরিশাল বিভাগের ছয় সদস্যকে চিহ্নিত করে এবং এদের কর্মজীবনের বৃত্তান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু বরিশালের পুলিশ প্রশাসন বোমা হামলার পর এখন পর্যন্ত বরিশালের হরকাতুল জিহাদের কোনও সদস্যকে গ্রেপ্তার গ্রেপ্তার করেনি। এমনকি তারা হরকাতুল জিহাদের সদস্যদের ব্যাপারে কোনও তথ্য সংগ্রহ করতে পারেনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী হরকাতুল জেহাদের বরিশাল অঞ্চলের সদস্যরা হচ্ছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মো. ইব্রাহীম খলিল উল্লাহ, বাউফল উপজেলার মো. আবু জাফর, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাওলানা মো. লোকমান হোসাইন, মাওলানা মো. রুহুল আমীন, ভোলার তজুমউদ্দিন উপজেলার মাওলানা মুহাম্মদ উল্লাহ এবং বোরহানউদ্দিন উপজেলার মাওলানা মো. কামাল উদ্দিন।
নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ আল ইসলামের সক্রিয় সদস্য পটুয়াখালীর বাউফল উপজেলার মো. আবু জাফর চট্টগ্রামের হাট হাজারী মাদ্রাসা থেকে হাফেজী পাশ করে হরকাতুল জিহাদের সাথে জড়িয়ে পড়ে। হরকাতুল জিহাদের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায়ে তাকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ২০০৩ সালে সে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায়। বর্তমানে সে ঢাকার উত্তর বাড্ডায় একটি পোশাকের দোকানে সেলস্ম্যানের কাজ করছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার খাসমহল গ্রামের মো. ইব্রাহীম খলিল উল্লাহ ১৯৯৪ সালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হাদিস ফিকাহে পাশ করে। একই সাথে সে হরকাতুল জিহাদ সংগঠনের সাথে জড়িয়ে পরে। রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। ২০০৩ সালে সে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায়। ইব্রাহীম খলিল উল্লাহ বর্তমানে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করছে।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাওলানা মো. লোকমান হোসাইন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে কামেল পাশ করে নিজ গ্রামের নাইয়াবাড়ী মাদ্রাসায় শিক্ষকতা শুরু করে। হাটহাজারীতে অধ্যয়নের সময় সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে জড়িত ছিল। বর্তমানে সে ঢাকার ইব্রাহীমপুরে আল-আমিন জামে মসজিদে ইমামতি করছেন।
ভোলার লালমোহন উপজেলার মাওলানা মো. রুহুল আমীন হরকাতুল জিহাদ ইসলামী সংগঠনের সাথে দীর্ঘদিন জড়িত ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সে গোটা দক্ষিণাঞ্চলে হরকাতুল জিহাদের নেতৃত্বে অন্যতম ছিলেন বলে গোয়েন্দা সংস্থার এ কর্মকর্তা জানিয়েছেন। বর্তমানে সে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার খায়ের হাট বাজার জামে মসজিদের ইমামতি এবং নারায়নপুর গ্রামের ইসলামপুর মদিনাতুল উলুম হোসাইনিয়া কওমী মাদ্রাসায় শিক্ষকতা করছেন।
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার হরকাতুল জিহাদ সংগঠনের সক্রিয় সদস্য মাওলানা মুহাম্মদ উল্লাহ দেড় বছর আগে সৌদি চলে যান।
এছাড়া ভোলার বোরহানউদ্দিন উপজেলার মধ্যমধলি গ্রামের মাও. মো. কামাল উদ্দিনের সাথে হরকাতুল জিহাদের সম্পর্কের বিষয়টি গোয়েন্দা সংস্থা নিশ্চিত হলেও গ্রামের বাড়িতে গিয়ে তার সম্পর্কে কোনও তথ্য উৎঘাটন করা যায়নি।
