২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলন উপলক্ষে ঢাকায় নজিরবিহীন নিরাপত্তা গ্রহণ করা হয়েছে: বাবর

আগামী ১২-১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে সরকার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার নিরাপত্তা উপ কমিটির এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন, সার্ক সম্মেলন উপলক্ষে নিরাপত্তামূলক সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সরকার এখন যেকোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।

তিনি বলেন, সম্মেলন আয়োজনের লক্ষ্যে আমরা নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় উপ কমিটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রশংসা করে। পুলিশের আইজি আবদুল কাইয়ুমকে প্রধান করে আইন শৃঙ্খলা বিষয়ক এ উপ কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনের সময় ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং প্রেসিডেন্ট’স গার্ড রেজিমেন্ট (পিজিআর)। গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করবে ডিজিএফআই ও এসবি এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে ঢাকা মহানগর পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সার্ক শীর্ষ সম্মেলনের সময় নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিডিআর, আনসার, এসএসএফ, পিজিআর ও সাদা পোশাকের পুলিশসহ ঢাকায় ২০ হাজার পুলিশ ও ১৩০০ র‌্যাব সদস্য নিয়োজিত থাকবে।

তাছাড়া, ঢাকার বাস, লঞ্চ, রেলস্টেশনসহ আশেপাশের নৌপথে ও আকাশ পথ টহল দেবে র‌্যাব’র এয়ার উইং ও কোস্টগার্ড।

এদিকে, আসন্ন সার্ক সম্মেলন উপলক্ষে ঢাকা শেরাটন হোটেলে অতিথিদের জন্যে নবনির্মিত সাতটি প্রেসিডেন্টশিয়াল স্যুট সুসজ্জিতকরণ কাজ সম্পন্ন হয়েছে। এখানে অতিথিদের নিরাপত্তার জন্যে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া, বিমান বন্দর, চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র ও শেরাটন হোটেলের নিরাপত্তার দায়িত্বে থাকবে এসএসএফ ও পিজিআর।

সম্মেলন কাভার করতে আসা সাংবাদিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে সোনারগাঁও হোটেলে। এখানে স্থাপন করা হয়েছে একটি মিডিয়া সেন্টার।

বৈঠক সূত্র জানায়, সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে ফেব্রুয়ারি মাসে যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তা পর্যালোচনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উঠতি সন্ত্রাসী, চরমপন্থী ও জঙ্গিদের একটি তালিকা সংগ্রহ করেছে। পুলিশ, র‌্যাব ও অন্যান্য সংস্থাসমূহকে এ তালিকা সরবরাহ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত ও মায়ানমারে আশ্রয় নেওয়া শীর্ষ সন্ত্রাসীদের ওপর সতর্ক নজর রাখার জন্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তাবলিগ জামাতে আসা বিদেশীদের ওপরও নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তাছাড়া, মহানগরীর চিহ্নিত আবাসিক হোটেল, বস্তি, রেস্ট হাউস এবং চিহ্নিত অপরাধপ্রবণ এলাকাসমূহে নিয়মিত তল্লাশি চালানোর জন্যে পুলিশ ও র‌্যাবকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়াও বৈঠকে সার্ক শীর্ষ সম্মেলনের সময় ঢাকাকে যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

গত ৭ সেপ্টেম্বর উপ কমিটি জানায় যে, আসন্ন সার্ক সম্মেলনের জন্যে হুমকি হতে পারে এমন বেশ কিছু সন্ত্রাসীর একটি তালিকা প্রস্তুত করেছে গোয়েন্দা সংস্থাগুলো।

বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন, পুলিশের আইজি আবদুল কাইয়ুম, র‌্যাব, ডিজিএফআই, বিডিআর, আনসার ও র‌্যাবের মহাপরিচালকগণ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।