বিচারপতি ফয়েজীর উপস্থিতির প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পুনর্মিলনী বর্জন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) সোমবার প্রধান বিচারপতি আয়োজিত সুপ্রিম কোর্টের পুনর্মিলনী বর্জন করেছে। ‘বিতর্কিত’ বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর উপস্থিতির প্রতিবাদে তারা এ অনুষ্ঠান বর্জন করে।
এসসিবিএ সভাপতি মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এসসিবিএ অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বিচারপতি ফয়েজি’র উপস্থিতির কারণেই এ ঘটনা ঘটে।
তিনি বিচারপতি ফয়েজীকে অবিলম্বে হাইকোর্ট থেকে প্রত্যাহারের দাবি জানান।
তিনি বলেন, ফয়সল মাহমুদ ফয়েজীর কারণেই বিচার বিভাগে সংকট বিরাজ করছে। অনুষ্ঠানের পবিত্রতা রক্ষার স্বার্থেই তার ওই অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, ফয়েজীকে যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট থেকে সরানো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এসসিবিএ আন্দোলন চালিয়ে যাবে।
প্রায় দেড় মাস পর সোমবার সুপ্রিম কোর্ট খুলেছে।
সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর বার্ষিক ছুটি শেষে প্রধান বিচারপতি সকল বিচারক ও আইনজীবীদের নিয়ে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন।
এদিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্টের সকল বিচারক, অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলগণ এবং সরকার সমর্থক আইনজীবীরা অংশ নেন। এসময় তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠান শেষে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, দীর্ঘ ছুটির পর একে অপরকে শুভেচ্ছা জানানো সুপ্রিম কোর্টের একটি প্রথা।
আমরা সকল আইনজীবী ও বিচারক সুপ্রিম কোর্টের এ প্রথা পালন করি।
এর আগে এসসিবিএ এ অনুষ্ঠানে বিচারপতি ফয়েজীর যোগদান বাতিল করতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানান। প্রধান বিচারপতি তাদের অনুরোধের জবাব দেননি।
এসসিবিএ’র দাবি, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর আসল এলএলবি সার্টিফিকেট নেই। তিনি তার বয়স সংক্রান্ত ভুয়া তথ্য দিয়ে বার কাউন্সিলের সদস্য হয়েছিলেন।
এসসিবিএ ফয়েজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠায়।
এ বছরের ৩০ জুন রাষ্ট্রপতি বিচারপতি ফয়েজীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন। কিন্তু মন্ত্রণালয় সে নির্দেশ পালন করেনি।
এসসিবিএ সাধারণ সম্পাদক ইনায়েতুর রহিম বলেন, এ ব্যাপারে সরকার কোনও পদক্ষেপ না নেয়ায় এসসিবিএ সরকারের কড়া সমালোচনা করেছে।
তিনি আরও বলেন, বিচার বিভাগে বিচারপতি ফয়েজীকে কেন্দ্র করেই সরকার একটি নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে।
তিনি বিচার বিভাগের সকল বিচারপতিকে সরকারের চক্রান্তের এই নীল নকশার বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
