সশস্ত্র বাহিনী বিভাগ বিলুপ্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাংসদরা
সংসদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা রোববার দেশের প্রতিরক্ষা ক্রয় ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট অন্যান্য ইস্যু সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) বিলুপ্তির দাবি জানিয়েছেন।
জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
এ সময়ে বিরোধী দলীয় এমপি ও কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়কেও জবাবদিহিতার জন্যে একটি সংসদীয় স্থায়ী কমিটির আওতায় আনার দাবি জানান।
অন্যদিকে, সরকার দলীয় এমপিরা বিরোধী দলের দাবির বিরোধীতা করেন। তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এএফডি’র বর্তমান মর্যাদা বহাল ছিল।
কিন্তু বৈঠক মুলতবি হয়ে যাওয়ায় এ ব্যাপারে কোনও সুপারিশ করা হয় নি। কমিটির পরবর্তী বৈঠকে এ ব্যাপারে সুপারিশ করা হবে।
আওয়ামী লীগ এমপি কর্ণেল (অব.) শওকত আলী প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এএফডি রাখার ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, বিশ্বের আর কোনও দেশে এ ধরণের কোন বিভাগ নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ হওয়ায় এএফডিকে সংসদীয় স্থায়ী কমিটির আওতায় আনা যায় না। এ ক্ষেত্রে স্থায়ী কমিটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকান্ডের ওপর শুধুমাত্র নজরদারি করতে পারে। তিনি বলেন, এএফডির মাধমে যে সমস্ত কাজ করা হয় তার সবই প্রতিরক্ষা মন্ত্রণালয় করতে পারে।
বৈঠক শেষে শওকত আলী সাংবাদিকদের বলেন, এএফডি রাখার কোনও যৌক্তিকতা নেই। এএফডি’র গঠন সুপ্রিম কোর্টের সদর দপ্তরের মতো। এখন এটা সরকারের সংসদীয় ব্যবস্থায় পরিণত হয়েছে। তিনি বলেন, স্বচ্ছতার জন্যে প্রধান মন্ত্রীর কার্যালয়ের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্থায়ী কমিটির আওতায় আনা উচিত। কেননা এটা সরকারের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র। আওয়ামী লীগের অপর এমপি এএইচএসকে সাদেক শওতক আলীর প্রতি সমর্থন জানান।
আওয়ামী লীগের এমপি দের বিরোধীতা করে পানি সম্পদ মন্ত্রী এবং কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিগত আওয়ামী সরকার কেন এএফডি বিলুপ্ত করে নি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়কে সংসদীয় পর্যবেক্ষণের আওতায় আনে নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এএফডি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিভাগ।
শওকত আলী বলেন, ডিভিশন মানে মন্ত্রণালয়। সুতরাং কোনও মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনও অফিসের আওতায় থাকতে পারে না।
বৈঠকে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য আইন, বিচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান ওমর, পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার এবং বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধানগণ উপস্থিত ছিলেন।
