২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর এলাকা সিলেটেও চার বছরে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয়নি, প্রবাসীদের দাবি উপেক্ষিত

প্রবাসী সিলেটবাসীর পাঠানো রেমিটেন্সে এ দেশের অর্থনীতি সমৃদ্ধ হলেও বৃহত্তর সিলেট থাকছে অবহেলিত। অর্থমন্ত্রী সাইফুর রহমানের এলাকা সিলেটে জোট সরকারের গত চার বছরে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। পূরণ হয়নি নির্বাচনী প্রতিশ্রুতি। অথচ সিলেটবাসী অতীতের মতো এ চার বছরও ক্ষমতাসীন জোটের নেতাদের কাছ থেকে শুধু উন্নয়নের বক্তব্য শুনেছে।

নিজস্ব প্রতিবেদক

জয়ন্ত আচার্য,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 03:53 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

অনুসন্ধানে দেখা গেছে, চারদলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনের আগে বৃহত্তর সিলেটের উন্নয়নে পাঁচটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সিলেটে একটি কম্পিউটার ইন্সটিটিউট স্থাপন, শিল্প নগরী ছাতকের সুরমা নদীর ওপর সেতু নির্মাণ, সুরমা নদীর ওপর স্ক্রিন ব্রিজের স্থলে চার লেন বিশিষ্ট নতুন সেতু নির্মাণ, সিলেট বিভাগের স্টেডিয়াম প্রতিষ্ঠা, ঢাকা সিলেট রেলপথের আধুনিকীকরণ। এর মধ্যে ঢাকা সিলেট রেলপথ উন্নয়নে নামমাত্র একটি প্রকল্প গ্রহণ ছাড়া বাকি চারটি প্রতিশ্রুতি পূরণে গত চার বছর ন্যূনতম উদ্যোগ নেয়া হয়নি। বরং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পসহ কয়েকটি প্রকল্প রাজনৈতিক কারণে ধীর লয়ে চলছে।

সিলেট শহরে এখন প্রবেশ করলেই অবহেলিত সিলেটের চিত্র ফুটে ওঠবে। শহরের প্রতিটি রাস্তার অবস্থা বেহাল। শহরে বিদ্যুৎ ও পানি সংকট তীব্র। এ শহরেই প্রবাসী সিলেটবাসীকে এসে থাকতে হচ্ছে। সিলেট বিভাগে জোট সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল প্রবাসীদের ভোটাধিকার প্রদান। গত চার বছরেও প্রবাসীদের ভোটাধিকার প্রদানে জোট সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ২০০১ সালের নির্বাচনের আগে প্রবাসীদের কল্যাণে পৃথক একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার অঙ্গীকার অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করা হয়। অথচ এ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কেও প্রবাসী সিলেটবাসীরা তেমন কিছু জানছে না। প্রবাসীদের কল্যাণে এ মন্ত্রণালয়ে কার্যত কোনও উদ্যোগ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহত্তর সিলেট প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকাভুক্ত ৮০০টি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প রয়েছে। এ প্রকল্পগুলোর বাস্তবায়নের গতিও মন্থর। সিলেট-১ আসনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকারপ্রাপ্ত ৮৮টি প্রকল্পের মধ্যে ৩৫টি প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি। ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা নিয়ে সিলেট-৩ আসন। এ এলাকার উন্নয়ন প্রকল্পগুলো ধীর লয়ে চলছে। বৃহত্তর সিলেটের সর্বত্রই প্রকল্পগুলোর অগ্রগতির এমনই চিত্র। উন্নয়ন প্রকল্পের অর্থ চলছে ক্ষমতাসীনদের মধ্যে ভাগবাটোয়ারা।

তবে বিএনপির সংসদ সদস্যদের দাবি, গত চার বছরে সিলেটের যথেষ্ট উন্নয়ন হয়েছে। সিলেট-৪ আসনের সাংসদ দিলদার হোসেন সেলিম বিডিনিউজকে বলেন, আমার এলাকায় তো উন্নয়ন হয়েছেই। এলাকায় ৪০ কিলোমিটার বিদ্যুৎ লাইনের ২০ কিলোমিটার শেষ হয়েছে। নানা ধরনের উন্নয়ন প্রকল্প চলছে।

সিলেট-২ আসনের জাতীয় সংসদ সদস্য এম. ইলিয়াস আলী বলেন, আমার এলাকার উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পগুলোতে অর্থ বরাদ্দের সমস্যা নেই। এখনও এক বছর সময় আছে। নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রতিশ্রুতি পূরণ হবে।

তবে সিলেটবাসী সাংসদ ইলিয়াস আলীর এ বক্তব্য বিশ্বাস করছে না। তাদের প্রশ্ন, চার বছরে যে প্রতিশ্রুতি পালনে উদ্যোগ নেওয়া হয়নি, তা কীভাবে এক বছরে শেষ হবে? রাজনৈতিক নেতারা সিলেটের উন্নয়নের নামে, সিলেটবাসীর সাথে আর কত প্রতারণা করবেন। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের রাজনীতি এভাবে কতো দিন চলবে?