২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা (এরশাদ) ৩০০ আসনের প্রার্থী বাছাই শুরু করলেও জোটবদ্ধ নির্বাচন করবে

আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য জাতীয় পার্টি (এরশাদ) ৩০০ আসনের প্রার্থী বাছাই শুরু করলেও শেষ পর্যন্ত তারা যে কোনো একটি জোটের সাথে যৌথভাবে নির্বাচন করবে।

নিজস্ব প্রতিবেদক

মহসীনুল করিম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

জাপার একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদসহ দলের বড় একটি অংশই ক্ষমতাসীন চারদলীয় জোটে যোগ দিতে আগ্রহী। তবে এতে চেয়ারম্যান এইচএম এরশাদ সম্মত নন। তিনি বিরোধী জোটের সাথে যেতে আগ্রহী।

সূত্র জানায়, জোটবদ্ধ হওয়ার বিষয়ে সরকার ও বিরোধী জোটের সাথে জাপার (এরশাদ) এখন দর কষাকষি চলছে।

এ ব্যাপারে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিডিনিউজকে বলেছেন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। এ জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন চলছে। তবে প্রার্থীতার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আরো পরে।

সরকার বা বিরোধী কোনো জোটে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এখনো অনেক সময় আছে। জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে। তবে প্রয়োজনে পরে যেকোনো একটি জোটে যাওয়ার সিদ্ধান্ত নেবো।

তিনি ক্ষমতাসীন জোটে যোগ দিতে বেগম রওশন এরশাদের আগ্রহ ও চাপের কথা অস্বীকার করেন।

গত ২ অক্টোবর থেকে এইচএম এরশাদ দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ শুরু করেছেন। এ পর্যন্ত তিনদিনে উত্তরাঞ্চলের পাঁচটি জেলার প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হয়।

সর্বশেষ রোববার নেওয়া হয় নীলফামারী ও পাবনা জেলার প্রার্থীদের সাক্ষাতকার। এর আগে ২ অক্টোবর পঞ্চগড় ও ঠাকুরগাঁও এবং ৩ অক্টোবর দিনাজপুর জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়া হয়। তিনদিনে প্রায় ৪০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এরশাদ এ সাক্ষাতকার গ্রহণকে আগামী নির্বাচনের আগাম প্রস্তুতি বলে উল্লেখ করেছেন। সাক্ষাতকার গ্রহণকালে তিনি প্রার্থীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন।

সাক্ষাতকারে অংশ নেওয়া দলের কেন্দ্রীয় কমিটির একজন যুগ্ম-মহাসচিব বিডিনিউজকে জানান, প্রার্থীতা নয়, মূলত: জেলা পর্যায়ে দলের অবস্থান জানার জন্যই এ সাক্ষাতকার। একই সাথে সম্ভাব্য প্রার্থীদের আর্থিক অবস্থার বিষয়েও এতে আলোচনা করা হচ্ছে।

তিনি জানান, জাপা (এরশাদ) যে এককভাবে নির্বাচন করছে না, তা এক রকম নিশ্চিত। সাক্ষাতকার নেওয়ার সময় এরশাদও কোনো জোটের নাম উল্লেখ না করেই তাদের একথা জানিয়েছেন।

তিনি আরো জানান, তবে দলের প্রধান নেতা এরশাদসহ প্রায় সকলেই বিরোধী জোটে যেতে আগ্রহী। তবে নেতারা এখনই এসব সিদ্ধান্ত প্রকাশ করতে নারাজ। দর কষাকষিতে বনলে তত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পরপরই জাপা (এরশাদ) তাদের অবস্থান পরিস্কার করবে।