রাজনৈতিক বিভেদ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দেশব্যাপি আদালতে বোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, রাজনৈতিক বিভেদের কারণে ষড়যন্ত্রকারীরা আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের বিরুদ্ধে যে কোনো ধরণের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
মঙ্গলবার বনানীর কার্যালয়ে দলের প্রেসিডিয়াম কমিটির এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
বৈঠকে রওশন এরশাদ, সৈয়দা রাজিয়া ফয়েজ, টিআইএম ফজলে রাব্বী, রুহুল আমিন হাওলাদার, মজিবুর রহমান, শফিউল আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, র্যাবের তৎপরতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছিলো। কিন্তু ১৭ আগস্টের দেশব্যাপি বোমা হামলার পর গোটা জাতি আবারো আতংকগ্রস্ত হয়ে পড়েছে।
বৈঠকে আগামী নির্বাচনে ৩০০ আসনে একক মনোনয়ন প্রদান এবং এখন থেকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
