২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার কি বাংলাদেশকে ভারতের কাছে বেচে দিয়েছে?: দেশে ফিরে শেখ হাসিনার উদ্বেগ

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জোট সরকার কি এদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চায়? তারা কি ভারতের কাছে এদেশ বিক্রি করে দিয়েছে?

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ভারতে পাঁচ দিনের সফর শেষে রোববার সন্ধ্যায় দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদেও এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশজুড়ে ১৭ আগস্টের বোমা হামলা প্রসঙ্গে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এক দেশ থেকে আরেক দেশে এসে সন্ত্রাসীরা পাঁচশ’টি স্থানে একযোগে বোমা মেরে নির্বিঘ্নে চলে গেল! তাহলে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী, সীমান্ত রক্ষাকারী বিডিআর ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কী করলো?

দেশে কি আদৌ কোনও সরকার আছে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তাহলে কোথায়? দেশ তো তাহলে সুরক্ষিত নয়! এর জবাব অবশ্যই প্রধানমন্ত্রীকে দিতে হবে।

বিরোধী দলীয় নেতার ভারত সফর নিয়ে সরকারি দলের বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আমরা নির্বাচনে যাবো কিনা, সে সিদ্ধান্ত আমরাই নেব। যারা এ প্রশ্ন তোলে, তারাই ওদের বিদেশি প্রভুদের পরামর্শ মতো চলে। তিনি প্রশ্ন করেন, আমি ভারত গেলে ওরা এতো নার্ভাস হয়ে যায় কেন?

অপর এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী, কংগ্রেস নেত্রী, বিরোধী দলীয় নেতাসহ রাজনৈতিক নেতৃন্দের সঙ্গে বৈঠকে এ উপমহাদেশের দারিদ্র্য বিমোচন, শান্তি প্রতিষ্ঠা এবং অঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমেরিকার আগ্রাসন নিয়ে কোনও কথা হয়নি।

বাংলাদেশে বার্তা সংস্থা বাসস এবং ইউএনবি পরিবেশিত পিটিআই-এর একটি সংবাদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রকে নিয়ে এমন কোনও কথাই আমি বলিনি। আর পিটিআই যেখানকার ডেটলাইনে সংবাদ ছেড়েছে, সেখানে ওদের কোনও সাংবাদিকই ছিলো না। তাদের উদ্দেশ্য কী, তা দেখা দরকার।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ৭৬ কেজি বোমা পুঁতে রাখার দায়ে গ্রেফতারকৃত মুফতি হান্নানের বক্তব্যের প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আলতাফ হোসেন চৌধুরী তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারা যে এ ধরনের বোমাবাজকে প্রশ্রয় দিচ্ছে, এ সরকার যে সকল বোমা ও গ্রেনেড হামলার সঙ্গে জড়িত, তাতে এখন আর সন্দেহ থাকে না। সত্য একদিন উদঘাটিত হয়ই। এ ঘটনা এটিই প্রমাণ করে।

বিডিআর প্রধানের বক্তব্যের পর উদ্ভূত পরিস্থিতিতে আসন্ন সার্ক সম্মেলন অনুষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, সরকার একদিকে বিডিআর মহাপরিচালককে দিয়ে এধরনের বক্তব্য দিয়ে পরিবেশ ঘোলাটে করছে। অন্যদিকে বলছে, সম্পর্ক বৃদ্ধি করবে! এখন এ সম্মেলন হবে কি-না, তা ভাল বলতে পারবেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর সংশ্লিষ্ট দেশের সরকার প্রধানরা।

শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর পাঁচদিনের জন্যে ভারত সফরে যান। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, সাবেক দুই প্রধানমন্ত্রী আইকে গুজরাল ও অটল বিহারি বাজপেয়ী, বিরোধী দলীয় নেতা এল কে আদভানি, মন্ত্রী নটবর সিং ও প্রণব মুখার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং সাবেক আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন।

এছাড়া আজমীরে হযরত খাজা মইনউদ্দিন চিশতি (রহ.)’র মাজার জিয়ারত করেন তিনি।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে রোববার সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান।