২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোন ও নাতনির সঙ্গে ঈদের দিন কাটবে খালেদার

বোন সেলিনা ইসলাম ও নাতনি জাহিয়া রহমানসহ নিকট আত্মীয়দের নিয়ে গুলশানের বাসায় ঈদের দিন কাটাবেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 07:06 PM

Updated : 14 Jul 2022, 07:00 PM

গুলশানের বাসভবন ফিরোজায় এদিন তার জন্য রান্না করা খাবার নিয়ে যাবেন সেলিনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারাও দেখা করবেন তাদের চেয়ার পারসনের সঙ্গে।

সেলিনা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বোনটি অসুস্থ। ডাক্তারদের অবজারভেশনে তাকে থাকতে হচ্ছে। সেজন্য আমরা সব সময়ে সশরীরে তাকে দেখতে যেতে পারি না।

“ঈদের দিন বলেই কালকে যাব, এক সাথে দিনটা কাটাব।”

তিনি বলেন, “গুলশানে ফিরোজায় ওর (খালেদা জিয়া) সাথে কোকোর (প্রয়াত আরাফাত রহমান) ছোট মেয়েটা আছে। নাতনিকে (জাহিয়া রহমান) নিয়ে দাদির একাকিত্ব কিছুটা কমেছে বলে আমি ধারণা করছি।”

গত রোজার ঈদে খালেদা জিয়ার পাশে তার ছোট ভাই শামীম এস্কান্দার ছিলেন। কিন্তু এবার তিনি দেশে নেই বলে জানান বিএনপি চেয়ারপারসনের বোন।

তিন বোন দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। বড় বোন খুরশিদ জাহান হক ও ছোট ভাই সাঈদ এস্কান্দার মারা গেছেন।

সেলিনা ইসলাম জানান, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম অসুস্থ। যে কারণে প্রতিবার স্বামীকে নিয়ে গেলেও এবার তিনি একাই যাচ্ছেন বোনের কাছে।

“আমরা গেলে লন্ডন থেকে তারেক ও তার স্ত্রী ও নাতনি জাইমা টেলিফোন করে কথা বলে ঈদের দিন। এবারও আমাদের কথা হবে।”

খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে নিয়ে জুন মাসের শেষে দিকে লন্ডন থেকে ঢাকায় আসেন। সে সময় গুলশানের বাসায় দুই নাতনি দাদির সঙ্গে ছিলেন। পরে গত ৩ জুলাই সিঁথি বড় মেয়েকে নিয়ে লন্ডন চলে যাওয়ার পর থেকে খালেদার সঙ্গে রয়েছে জাহিয়া।

ঈদের দিন নিকট আত্মীয়দের মধ্যে প্রয়াত ছোট ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসির এস্কান্দারসহ পরিবারের সদস্য, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের মাসহ পরিবারের সদস্যরা এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুড়-শাশুড়িও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যেতে পারেন।

গত রমজান ঈদেও খালেদা জিয়া গুলশানের বাসায় ছিলেন। ওই সময়ে কয়েকজন নিকট আত্মীয়ের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন।

দলের মহাসচিব ফখরুল ইসলামসহ স্থায়ী কমিটির সদস্যরাও তার সঙ্গে দেখা করেছিলেন। এবারও তারা দেখা করবেন।

এদিকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদার জিয়ার চিকিৎসা চলছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “আপনারা জানেন, উনার বিভিন্ন রোগের জটিলতা রয়েছে। সেগুলো সার্বক্ষণিক মনিটরিং করতে হয় আমাদের।

“এখন ম্যাডামের সাথে উনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের ছোট মেয়ে আছেন। লন্ডন থেকে সার্বক্ষণিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উনার সহধর্মিনী ডা. জোবাইদা রহমান যোগাযোগ রাখছেন, কথা বলছেন, ম্যাডামের শারীরিক অবস্থার সব কিছুর খোঁজ-খবর রাখছেন।”

গত রোজার ঈদ ফিরোজায় কাটলেও তার আগের কোরবানির ঈদে এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা জিয়া। দুর্নীতি মামলায় দণ্ডিত এই সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত আছেন।