২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মলকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2022, 06:33 PM

Updated : 25 Jul 2022, 05:03 PM

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছি। উন্নত চিকিৎসার জন্য তাকে কাল সকালে বা বিকেলের মধ্যেই সিঙ্গাপুর নেওয়া হবে।”

গত রোববার থেকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নির্মল রঞ্জন গুহ।

তার স্ত্রী আলেয়া রানী গুহ জানান, রোববার তার স্বামী দোহারে গিয়েছিলেন। সেখানে তার প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে রাতেই তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন সকালে নির্মল রঞ্জনের মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হার্টে ব্লক ধরা পড়ে। হাসপাতালে তার হৃৎপিণ্ডে স্টেন্ট বসানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঠেকানো যায়নি।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের উপ পরিচালক আলী আবরার জানান, নির্মলকে আপাতত ‘ইলেকটিভ ভেন্টিলেশনে’ রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে তাকে সিঙ্গাপুর পাঠানোর চেষ্টা করা হবে।