২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ঘরে বসে আঙুল চুষবে না: কাদের

পঁচাত্তরের মতো ঘটনা ঘটিয়ে পার পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 11:25 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

তিনি বলেছেন, “আমি বলে দিতে চাই, পঁচাত্তর আর ২০২২ এক কথা না। বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিদের পুরস্কৃত করেছে, ইনডেমনিটি দিয়েছে। শেখ হাসিনার কিছু হলে আওয়ামী লীগ ঘরে বসে আঙুল চুষবে না। রাজপথে আছি, রাজপথে থেকে তার সমুচিত জবাব দেব।”

‘শেখ হাসিনাকে হত্যার হুমকি’র প্রতিবাদের শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেইটে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, “গোটা ঢাকা মহানগরীর রাজপথ আজ আওয়ামী লীগের দখলে, আওয়ামী লীগ জেগেছে। আওয়ামী লীগ রাজপথে ছিল, আওয়ামী লীগ রাজপথে আছে, আওয়ামী লীগ রাজপথে থাকবে।

“শেখ হাসিনাকে কটূক্তি করলে আমাদের আবেগে লাগে, বঙ্গবন্ধুকে খারাপ কথা বললে আমাদের খারাপ লাগে, বঙ্গবন্ধু পরিবারকে অপমান করলে আমরা অপমানিত বোধ করি।

“শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে আমাদের আবেগ আহত হয়, আমরা সহ্য করতে পারি না। আমরা কাউকে গালি দেই না, আমরা কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করি না; যেটা বিএনপি শুরু করেছে।”

‘সুশৃঙ্খল ঐক্যবদ্ধ আওয়ামী লীগ’ শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ের ‘বন্দরে’ পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “শেখ হাসিনার উন্নয়ন দেখে যখন দেশের মানুষ খুশি, তখন বিএনপি নেতাদের মুখে কালো মেঘ ঘণীভূত হয়েছে। বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখতে পায়, শেখ হাসিনার উন্নয়ন তারা দেখে না।

“২৫ তারিখ পদ্মা সেতু, কর্ণফুলী টানেল আসছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আসছে, এক্সপ্রেসওয়ে আসছে, মাতারবাড়ি আসছে। কতো উন্নয়ন দেখবেন, একের পর এক- শেখ হাসিনা যখন উদ্বোধন করবেন, আপনাদের চোখে তখন শর্ষে ফুল দেখবেন। নিজেরা তো কিছু করতে পারেন না, অন্যকে চোর বলেন।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য শাহাবউদ্দিন ফরাজী, সানজিদা খাতুন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বক্তব্য রাখেন।