গলাচিপার এমপি শাহজাদা ‘চিপায়’
পটুয়াখালীর সংসদ সদস্য এস এম শাহজাদা তার এলাকা গলাচিপার স্বাস্থ্যসেবা নিয়ে সমস্যায় থাকার কথা জানিয়েছেন সংসদে।
এস এম শাহজাদা।
আর তা তিনি বলেছেন এভাবে- “আমার নির্বাচনী এলাকার দুটি উপজেলা তার একটির নাম গলাচিপা। এই উপজেলার স্বাস্থ্য সেবা নিয়ে নামের সাথে সাথে কিছুটা চিপার মধ্যেই পড়ে গেছি।”
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জীর্ণশীর্ণ স্বাস্থ্য কেন্দ্র পুননির্মানের দাবি তুলে উপজেলার স্বাস্থ্য সেবা নিয়ে এ মন্তব্য করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার ভাগ্নে শাহজাদা।
করোনাভাইরাস মহামারীকালের পুরো সময় মন্ত্রীদের প্রশ্নোত্তর সংসদের বৈঠকে সরাসরি উপস্থাপন করা হয়। দীর্ঘদিন পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এই সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে সম্পূরক প্রশ্ন করেন।
শাহজাদা বলেন, “এই উপজেলার একটি অংশ ছিল এখন রাঙাবালী নামের উপজেলা। সেটা এখন পটুয়াখালী-৪ আসনের ভেতরে। ওখানে স্বাস্থ্য কমপ্লেক্স নেই। আবার আমার গলাচিপাতে যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে। সেটা বেশ আগের। এটা জীর্ণশীর্ণ অবস্থায় আছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একাধিক ভবন রয়েছে সেগুলো জীর্ণশীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা হয়েছে। এই উপজেলায় পাঁচ লাখ জনসংখ্যা। পার্শ্ববর্তী উপজেলায় (রাঙাবালি) আরো প্রায় আড়াই লাখ লোক রয়েছে। দুই উপজেলার স্বাস্থ্য সেবা পরিচালনা হয় এই স্বাস্থ্য কেন্দ্র থেকে।
“আমি আড়াই বছর আগে মন্ত্রী মহোদয়কে পত্র দিয়েছিলাম স্বাস্থ্য কেন্দ্রের জন্য। আমি এখনও পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্রটি পাইনি। এখানে সাত লাখ লোক স্বাস্থ্য সেবার চিপার ভেতরে আছে। জানতে চাই এখানে নতুন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হবে কি না? হলে সেটা কবে।”
পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার জীর্ণশীর্ণ সব স্বাস্থ্য কেন্দ্র নতুন করে নির্মাণ করে দিচ্ছে। এই উপজেলার স্বাস্থ্য কেন্দ্র সে ধরনের হলে সরকার তা পুর্ননির্মানের উদ্যোগ নেবে।
