২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রয়ক্ষমতা বাড়লে টিসিবির ট্রাকের পেছনে কেন লাইন: মান্না

মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে থাকলে টিসিবির ট্রাকের পেছনে কেন দীর্ঘ সারি, সেই প্রশ্ন সরকারের প্রতি ছুড়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 05:49 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

তিনি বলেছেন, “জিনিসপত্রের দাম এত বেড়েছে যে মানুষ বেকুব হয়ে গেছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দুইদিন আগে সংসদে বলেছেন, দ্রব্যমূল্য জনগণের সহ্যের মধ্যে আছে। বুঝেন, ১০ টাকা চাল খাওয়ানোর কথা ছিল, সেই চালের দাম আজকে ৭০ টাকা!

“তারপরেও লজ্জা নাই। বলে কিনা এমন কোনো দাম বাড়ে নাই, মানুষের টাকা আছে কেনার ক্ষমতা বেড়েছে, তিনগুণ ক্ষমতা বেড়েছে যে মানুষ কিনে খেতে পারে। মানুষের কেনার ক্ষমতা যদি বাড়ে তাহলে বাজার করবার জন্য কলকাতা যায়, দিল্লি যায়, ব্যাংকক যায়, সিঙ্গাপুর যায়; টিসিবির ট্রাকের পেছনে লাইন দেয় না। তার পরেও এক মন্ত্রী বলেন যে, মানুষের ক্রয়ক্ষমতা তিনগুণ বেড়েছে। ও একটা মূর্খ, বেয়াদব।”

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির পাঁচ ঘণ্টার গণঅনশন কর্মসূচিতে একথা বলেন মান্না।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে অনশন শুরু হয় সকাল ১০টায়। বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে পানি খাইয়ে অনশন ভঙ্গ করান।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় বিএনপির তরফে। সর্বশেষ গত বৃহস্পতিবার জেলায় জেলায় প্রতীকী অনশন কর্মসূচি করেছে তারা।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মহানগরসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাত ও রাস্তায় পলিথিন ও মাদুর বিছিয়ে এই অনশনে অংশ নেয়।

অনশন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সব কথার এক কথা- সরকারের পদত্যাগ; সবার এক কথা সুষ্ঠু নির্বাচন। এই লক্ষ্যে আমাদের মধ্যে বিভেদ নেই।

“…হাসিনা সরকারকে দাফন না করতে পারলে যে ধরনের সরকারই চান তা হবে না; না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের পতন ঠিক করি, তারপরে সুষ্ঠু অবাধ নির্বাচন করি, তারপরে দেশটা মেরামত করি।”

মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে ৩ গুণ: তথ্যমন্ত্রী  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, “লগি-বৈঠা আমাদের অস্ত্র নয়। এই অস্ত্রের প্রয়োজন আছে আজকে যারা সরকার চালায়। আমাদের অস্ত্র লগি-বৈঠা নয়।

“বিএনপির অস্ত্র হচ্ছে জনগণ। এই জনগণকে নিয়ে আমরা এই সরকারের পতন ঘটিয়ে এদেশে জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করব।”

বর্তমান পরিস্থিতির উত্তরণে সরকার পতনের বিকল্প নেই বলে মন্তব্য করেন ডাকসুর সাবেক ভিপি মান্নাও।

তিনি বলেন, “একটাই কাজ করতে হবে, এমন আন্দোলন গড়ে তুলতে হবে সরকার যাতে পদত্যাগ করতে বাধ্য হয় এবং পালাবার কোনো পথ না পায়। আমি বলি, মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আরো যদি সোজাসাপ্টা বলি, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে।

“আমি যদি জনগণের জন্য আন্দোলন করি, ন্যায্য আন্দোলন করি মানুষের কাছে যাব, মানুষের সাথে বসব, তার সাথে কথা বলব। ডাক দেব আপনাদের, সারা বাংলাদেশ বন্ধ হয়ে যাবে; বন্ধ হয়ে যাবে ওদের ক্ষমতার আস্ফালন, ওদের ক্ষমতার লাঠি ঘোরানোও বন্ধ হবে, ক্ষমতার দাপট দেখানো বন্ধ হবে, পদত্যাগ করতে বাধ্য হবে।”

কর্মসূচির সূচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আসুন আমরা আজকে এই গণঅনশনের মধ্য দিয়ে আমাদের যে প্রতিবাদ তা দেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

“এই গণঅনশন পালন করে এই সরকারকে জানিয়ে দেন যে, তোমাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই। ব্যর্থতায় দায় স্বীকার করে আপনারা সরে যান, ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।”

বিএনপির মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সঞ্চালনায় গণঅনশনে বিএনপির নজরুল ইসলাম খান, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, আনিসুর রহমান তালুদকার খোকন, রাজিব আহসান, আকরামুল হাসান বক্তব্য রাখেন।

বিএনপি নেতা ইশরাক হোসেন, নবী উল্লাহ নবী, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহিলা দলের সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, জাসাসের হেলাল খান, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, মোস্তাফিজুল করীম মজুমদার, তাঁতী দলের মজিবুর রহমান, মৎস্যজীবী দলের আবদুর রহিম, ছাত্রদলের ফজলুল রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলও বক্তৃতা করেন।

এই গণঅনশনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদোয়ান আহমেদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফুর রহমান, এনডিপির আবু তাহের, ডিএলের সাইফুদ্দিন মনি, পেশাজীবী নেতা অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক লুতফুর রহমান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক আব্দুস সালাম, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী।