২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে ৩ গুণ: তথ্যমন্ত্রী

বর্তমান সরকারের ১৩ বছরে দেশের মানুষের ক্রয়ক্ষমতা প্রায় তিনগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 10:52 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শিশু-কিশোর ও যুবকল্যাণ সংগঠন ‘চাঁদের হাট’ আয়োজিত রফিকুল হক দাদুভাই স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্যে এই দাবি করেন তিনি।

হাছান বলেন, “পৃথিবীতে সবসময় দ্রব্যমূল্য বেড়েছে, কখনও কমেনি। যখন বাংলায় দুর্ভিক্ষ হয়, তখন এক আনা অর্থাৎ ১৬ পয়সায় কয়েক কেজি চাল পাওয়া যেত, কিন্তু বাংলায় দুর্ভিক্ষ হয়েছে। অর্থাৎ দেখতে হবে, দ্রব্যমূল্যের সাথে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে কি না।

“গত ১৩ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় সাড়ে চারগুণ আর নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে প্রায় তিনগুণ, মধ্যম আয়ের মানুষেরও ক্রয়ক্ষমতা তার কাছাকাছি রয়েছে।"

ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপে গত কয়েক বছরে ভোগ্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, সেই তুলনায় বাংলাদেশে মূল্যবৃদ্ধি অনেক কম বলে দাবি করেন তথ্যমন্ত্রী।

তার ভাষায়, “বাংলাদেশে আগে দাবি-দাওয়া হত একজন শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান, আর এখন একজন শ্রমিক কমপক্ষে ১২ থেকে ১৫ কেজির চালের মূল্যের সমান মজুরি পায়, যার অর্থ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।”

বিএনপির সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে দলটির নেতারা যে অভিযোগ তুলেছেন, সে বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, “মির্জা ফখরুল সাহেব কিংবা তাদের অন্যান্য নেতারা যারা এ বিষয়ে কথা বলছেন, তাদের অনুরোধ জানাব যে সরকারের দিকে আঙুল না তুলে নিজেদের মারামারিটা বন্ধ করার জন্য।

“বিএনপি বেশ কিছুদিন আগে থেকেই বেগম জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে সারাদেশে কর্মসূচি পালন করেছে খুব নির্বিঘ্নে, কোনো কোনো জায়গায় তারা নিজেরা নিজেরা মারামারি করেছে। কয়েকদিন আগে ঘোষিত কর্মসূচিও তারা পালন করেছে। কোনো জায়গাতেই তাদের কোনো অসুবিধা হয়নি। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক, তাদের কোনো বিষয়ে প্রতিবাদ থাকলে করুক- সেটি আমরা চাই, গণতান্ত্রিক সমাজে এর প্রয়োজন রয়েছে।”

বিএনপিকে দায়ী করে তিনি বলেন, “কিন্তু সমাবেশ করতে গিয়ে যদি জনজীবনে বিপত্তি ঘটায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা বিশৃঙ্খলার পাঁয়তারা করে, নিজেরা মারামারি করে, যেগুলো বিএনপি সবসময় করে এসেছে, তখন সেগুলো ঠেকানোর জন্য পুলিশকে ব্যবস্থা নিতে হয়।”

রফিকুল হক দাদু ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, “মানবিক গুণাবলী বিকাশে চাঁদের হাটের মতো সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। চাঁদের হাট এমন একটি সংগঠন যেটি বাংলাদেশে প্রচুর গুণীজনের জন্ম দিয়েছে এবং শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে, তাদেরকে সাহিত্যমন্য করতে চাঁদের হাট কয়েক দশক ধরে যে ভূমিকা রেখেছে তা সত্যিই অতুলনীয়।”

চাঁদের হাটের সভাপতি ইয়াহিয়া সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিকতায় দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, সংগীত রচনায় মো. মঞ্জুর উল আলম চৌধুরী, ছড়া-সাহিত্যে ফারুক হোসেন এবং ক্রীড়াবিদ মো. জাকারিয়া পিন্টুর হাতে আজীবন সম্মননা স্মারক তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।