২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিএনপির গণ-অনশন শনিবার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী শনিবার রাজধানীতে গণ-অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 08:56 PM

Updated : 28 Apr 2022, 11:58 PM

বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচির প্রস্তুতির কথা জানান।

তিনি বলেন,  “আমরা আজকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ অঙ্গসংগঠনকে নিয়ে যৌথসভা করেছি। আগামী ২ এপ্রিল ঢাকা মহানগরে আমরা এই গণ-অনশন করব। আজকে চলছে সারা দেশের জেলাগুলোতে, ২ তারিখ হবে ঢাকায়।”

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত এই কর্মসূচির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “গত কয়েকমাস থেকে দেশের সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। সয়াবিন তেলের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

“একই সঙ্গে চালের দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। প্রত্যেকটা জিনিস, সবজির দাম বেড়েছে। সাধারণ মানুষ খাদ্যের জন্য যেসব জিনিস দিয়ে জীবন যাপন করে তার প্রত্যেকটির দাম কয়েক গুণ বেড়ে গেছে।”

এমন পরিস্থিতির মধ্যে গ্যাসের দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো নতুন করে প্রস্তাব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই গ্যাসের দাম, চুলার গ্যাসের দাম বেড়ে যাবে। এই যে বাড়ছে এই বাড়ানোর কারণটা আমরা লক্ষ্য করেছি।

“বিশেষজ্ঞরা বলছেন, একদিকে অপচয়, অন্যদিকে সরকারের মদদপুষ্ট ব্যক্তি বিশেষ ব্যবসায়ীদেরকে আরও মুনাফা পাইয়ে দেওয়ার জন্য, সরকারের প্রশ্রয়ে এই মূল্য বৃদ্ধি করা হচ্ছে…।”

বিদ্যুতের দাম বৃদ্ধির কারণ হিসেবে ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার- আইপিপির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিদ্যুতের দাম বাড়ছে কেন? আইপিপি যেটা হয়, সেই আইপিপিতে সরকারকে প্রায় ২০ হাজার কোটি টাকা ভুর্তকি দিতে হবে।

“তাহলে চিন্তা করুন কী অবস্থা! একদিকে বলা হচ্ছে, বিদ্যুৎ এখন উদ্বৃত্ত, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। অন্যদিকে জনগণকে পকেট থেকে কীভাবে টাকা বের করে নেওয়া হচ্ছে অন্যায়ভাবে এই আইপিপির মাধ্যমে।”

বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি এসব কোম্পানিগুলোর ব্যবসায়িক মুনাফাকেই প্রাধান্য দেওয়া হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, “এই আইপিপি সরকারের উৎপাদন না, এটা সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন।

“অর্থাৎ এদেশে রাষ্ট্রীয় সম্পদকে পুরোপুরি ব্যবহার করে শুধুমাত্র কিছু ব্যক্তিদের মুনাফার জন্য জনগণের পকেট কেটে এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে গত মাসখানেক যাবৎ আমরা আন্দোলন করছি।”

মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথসভায় মহানগর বিএনপির আমান উল্লাহ আমান, আবদুস সালাম, মহানগর বিএনপির আমিনুল হক, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, তাঁতী দলের আবুল কালাম আজাদ, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, শ্রমিক দলের মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মহিলা দলের চৌধুরী নায়াব ইউসুফ, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপির সহ দফতর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং ও আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।

সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে প্রতীক অনশন হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিন।