ভোটের পরে জাতীয় সরকার: বিএনপি
জাতীয় সরকার নিয়ে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা কথা-বার্তার মধ্যে দলের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি।
বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পর তারা জাতীয় সরকার গঠন করতে চান।
“আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার পরে যারা আন্দোলন করেছে, তাদের নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব।এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন।”
সরকারবিরোধী যেসব দল রয়েছে, তাদের মধ্যে আ স ম আবদুর রবের জেএসডি ইতোমধ্যে একটি জাতীয় সরকারের প্রস্তাব উপস্থাপন করেছে। তারা মনে করে, আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে জাতীয় সরকার গঠন করে তাদের অধীনে আগামী নির্বাচন করতে হবে।
বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা জাফরুল্লাহ চৌধুরী এবং কামাল হোসেনের দল গণফোরামও সেরকম জাতীয় সরকারের পক্ষে।
অন্যদিকে বিএনপি জাতীয় সরকারের অধীনে নির্বাচনের বিপক্ষে। তারা বলছে, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।
ফখরুল বলেন, “এই সরকার যে সমস্যার সৃষ্টি করেছে। একমাত্র হতে পারে যদি সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ সরকার গঠিত হয় এবং তার অধীনে যদি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। তাহলেই শুধু দেশের চলমান সমস্যার সমাধান হতে পারে।
“সেই কারণেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবে খুব স্পষ্ট করে বলেছেন যে, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে এখন নির্বাচন চাই এবং সেই নির্বাচনের পরে আমরা সকলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করার মধ্য দিয়ে বিরাজমান সকল সমস্যার সমাধান করতে চাই।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দুপুরের পর সংবাদ সম্মেলনে আসেন ফখরুল।
‘মানুষ দুরবস্থায়, প্রধানমন্ত্রী কনসার্টে’
দ্রব্যমূল্যসহ নানা কারণে মানুষ যখন ‘দুরাবস্থায়’, তখন কনসার্ট আয়োজন এবং তাতে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব ফখরুল।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আজকে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, মানুষ টিসিবির ট্রাকের পেছনে লাইন দিচ্ছে। আর ওই সময় আমরা কী করছি? আমাদের প্রধানমন্ত্রী ভারত থেকে বিখ্যাত গায়ককে নিয়ে এসে কনসার্টে গান শুনছেন, নিজে ভিডিও করছেন এবং সেখানে কোটি কোটি খরচ হচ্ছে।
“আমাদের ব্যুরোক্রেটরা ঢাকা-টরন্টো ফ্লাইটে যাচ্ছেন, সেই ফ্লাইটে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। তার অর্ধেক হচ্ছে সরকারি কর্মকর্তারা তাদের পরিবারসহ। এই হচ্ছে দেশের অবস্থা।”
নিজের এলাকার নজির দেখিয়ে ফখরুল বলেন, “আজকের পত্রিকায় আছে এই যে, ন্যায্যমূল্যের কার্ড দিয়েছে তারা। খুব জোর গলায় বলা হচ্ছে এক কোটি কার্ড দেওয়া হয়েছে গরিব মানুষদেরকে। আমার ঠাকুরগাঁওয়ে যাকে কার্ড দেওয়া হয়েছে, সে হচ্ছেন আওয়ামী লীগের মহিলা দলের সভানেত্রী। তার দোতলা বাড়ি আর তার পাশেই একজন দুস্থ গরিব মানুষ, তার একটা চালাও নেই, এই অবস্থা দেশের।”
সদ্য কারামুক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীকে সংবর্ধনা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ।
২০২০ সালের ২১ অক্টোবর নিজের কর্মস্থল দৈনিক সংগ্রাম অফিস থেকে রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয় তার বিরুদ্ধে। ১৭ মাস পর গত ২২ মার্চ জামিনে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “সংগ্রাম যখন হয়, তখন সেখানে দালাল থাকে, বিভিন্ন রকমের মানুষ থাকে, যারা বিভিন্ন রকমের ফায়দা নিতে চায়। এগুলোকে কাটিয়ে কিন্তু আমাদেরকে এগুতে হবে, এগুলোকে কাটিয়ে আমাদেরকে ঐক্য সৃষ্টি করতে হবে।
“সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে মুক্ত করব, সাংবাদিকদের লেখার স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করব। আসুন সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।”
গণমাধ্যম কর্মী আইনের খসড়া বিল সংসদে উত্থাপনের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে আছে, তারা আইন তৈরি করবে সাংবাদিকদের জন্য! সেটার কী অবস্থা দাঁড়াবে, আমরা জানি।
“আরেকটা হচ্ছে উপাত্ত সংরক্ষণ আইন। এছাড়া বিটিআরসির মাধ্যমে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে পারবে সেই আইনও আনছে তারা ।সামগ্রিকভাবে একটা পুরোপুরিভাবে কর্তৃত্ববাদী বললে ভুল হবে, ফ্যাসিবাদী একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এই বাংলাদেশ।”
মহিউদ্দিন আলমগীরের সভাপতিত্বে এবং আবদুল হাই শিকদার ও শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আখন্দ, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক লুতফুর রহমান, সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, এলাহী নেওয়াজ খান, হাসান হাফিজ, সৈয়দ আবদাল আহমেদ, আমিরুল ইসলাম কাগজী, সর্দার ফরিদ, কাদের গনি চৌধুরী, বাছির জামাল, খোরশেদ আলম, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম, মোরসালিন নোমানী বক্তব্য রাখেন।
