২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌক্তিক’ হরতালে বাধা দেওয়া হবে না, আশা বাম জোটের

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালকে একটি ‘যৌক্তিক কর্মসূচি’ হিসেবে বর্ণনা করে বাম জোটের নেতারা বলছেন, এ কর্মসূচি ঘিরে ইতোমধ্যে তাদের ওপর ‘হামলা ও বাধা’ দেওয়ার চেষ্টা হয়েছে; তারপরও ২৮ মার্চে হরতালে বাধা দেওয়া হবে না বলেই তাদের প্রত্যাশা।

কাজী মোবারক হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 09:44 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

গত ১১ মার্চ বাম জোটের তরফ থেকে দেশব্যাপী সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দেওয়া হয়। হরতাল সফল করতে ইতোমধ্যে প্রচারপত্র বিলি, পোস্টার লাগানোসহ জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে সভা, সমাবেশ, প্রচার মিছিল ও গণসংযোগ করেছে বাম জোট।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সরকারকে বলে আসছি, মানুষ দিন দিন গরিব থেকে আরও গরিব হচ্ছে। সরকার ফ্যামেলি কার্ডের মাধ্যমে চেষ্টা করেছে দ্রব্যমূল্য কিছুটা লাগব করতে, কিন্তু এটাও পর্যাপ্ত পরিমাণে হয়নি।

“দ্রব্যমূল্য কমানোর কথা বলেছি, কিন্তু সরকার সেটাও করতে পারেনি। সরকারকে বাফার স্টকের মাধ্যমে ন্যায্যম্যূলের দোকান দিতে বলেছি, সেটাও করতে পারেনি। অল্প সংখ্যক টিসিবির মাধ্যমে যেটা করেছে, সেটা কোনভাবেই পর্যাপ্ত নয়।”

দ্রব্যমূল্য নিয়ে সমালোচনাকেও ‘সহ্য করা হচ্ছে না’ মন্তব্য করে তিনি বলেন, “সরকারের মন্ত্রী-এমপিরা আমাদের কথার উপহাস করেছে। দেশের মানুষ এখন নানাভাবে বাঁচার পথ অবলম্বন করেছে। সরকার ইতোমধ্যে আমাদের আন্দোলন নিয়ে নানা কথা বলছে। স্বরাষ্ট্রমন্ত্রীও নানা ধরনের বক্তব্য দিয়েছে।

“হরতাল সফল করতে আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করেছি, সেখানে সরকারের পক্ষ থেকে হামলা করা হচ্ছে। আজকেও মাগুরায় হামলা হয়েছে।”

হরতাল ঠেকাতে সরকারের তরফ থেকে ‘প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে’ অভিযোগ করে প্রিন্স বলেন, “কালকে হরতাল সফল করতে যেন মাইক ভাড়া দেওয়া না হয়, সেজন্য মাইকের দোকানে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এতেই প্রমাণিত হয়- আমরা যৌক্তিকভাবে আন্দোলনের ডাক দিয়েছি এবং আমরা আশা করব, সরকার আগামীকালকের হরতালে কোনো বাধা দেবে না।

“আর এই হরতাল শুধু বাম জোটের নয়, আপামর জনসাধারণের হরতাল। হরতাল সফল করতে সবাইকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকান-পাট বন্ধ রেখে অংশ নেবে বলে আমরা আশা করছি, সবাইকে আহ্বান জানাচ্ছি।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা শুরু থেকেই এ হরতালের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। আওয়ামী লীগের জোট শরিক জাসদ এবং ওয়ার্কার্স পার্টিও এ হরতালকে ইতিবাচকভাবে দেখছে না।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “তাদের হরতালের সঙ্গে শুধু জিনিসপত্রের দাম সীমাবদ্ধ নয়। এখানে তারা সরকার পতনের ইস্যুও নিয়ে আসছে।

“জিনিসপত্রের দাম বেড়েছে- এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আন্দোলন ওই ইস্যুতে থাকলে যৌক্তিকতা থাকত। এখন তারা অন্য ইস্যু নিয়ে এলে মূল বিষয়টা হারিয়ে যাবে।“

অবশ্য জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, “ধারাবাহিকভাবে দাম না বাড়লেও হুটহাট করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে; এটাই ক্ষতি করছে। এখানে দ্রব্যমূল্য কমানোর কোনো বিকল্প নেই।”

হরতাল সফল করতে জেলায় জেলায় সভা সমাবেশের পাশাপাশি রোববার দুপুরে কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলন করেছে বাম জোটের নেতারা।

পল্টনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকার শান্তিপূর্ণভাবে হরতাল পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “গণদাবির এই হরতালের পক্ষে আমরা দেশের মানুষের ব্যাপক সমর্থন ও সাড়া প্রত্যক্ষ করেছি। দলমত নির্বিশেষে দেশর মানুষকে রক্ষা করবার এই হরতালের প্রতি আমরা মানুষের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততাও লক্ষ্য করেছি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: ২৮ মার্চ হরতালের ডাক বাম জোটের  

“হরতালের সমর্থনে আমাদের শান্তিপূর্ণ প্রচার মিছিল, গণসংযোগ ও প্রচার কার্যক্রম দেশের নানাস্থানে সরকারি দল ও ছাত্রলীগের হামলা-আক্রমণের শিকার হয়েছে। বহু স্থানে কোনো উসকানি ছাড়াই প্রচার মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসব হামলা-আক্রমণে জোটের অনেক নেতাকর্মীরা আহত হয়েছেন। এসব সন্ত্রাসী হামলা-আক্রমণের পুরো দায়দায়িত্ব সরকার ও সরকারি দলের।”

সাইফুল হক বলেন, “বাম জোটের আহ্বানে সাড়া দিয়ে অনেক বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন এবং ছাত্র, শ্রমিক, নারী, পেশাজীবীসহ নানা স্তরের সংগঠন ও নেতৃবৃন্দ এই হরতালের প্রতি তাদের সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন। কেউ কেউ নিজেরাও হরতাল ডেকেছেন। হরতাল সফল করতে তারা কিছু কর্মসূচিও গ্রহণ করেছেন।

“আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে স্পষ্টভাবে জানাতে চাই যে, গণদাবির এই হরতাল গণমানুষের সমর্থনে শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে চাই। আমরা আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকার ও সরকারি দল এই হরতাল কর্মসূচিতে কোনো প্রকার উস্কানি সৃষ্টি করবে না; বাধা প্রদান করবে না বা সহিংসতা সৃষ্টির কোনো প্রচেষ্টা চালাবে না।”

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘মানুষকে রক্ষার’ এই হরতালে সব ধরনের প্রতিষ্ঠান, দোকানপাট, শপিংমল, পরিবহন চলাচল বন্ধ রাখা হবে জানান বাম জোটের সমন্বয়ক। কেবল হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা হরতালের আওতামুক্ত থাকবে।

সাইফুল হক বলেন, ২৮ মার্চ ভোর ৬টা থেকে বাম জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ পুরানা পল্টনসহ ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান নেবেন এবং হরতালের পিকেটিংয়ে যোগ দেবেন।

“আমরা আশা করি জনগণের ব্যাপক সমর্থনে এই হরতাল সফল হবে। আমরা হরতাল সফল করতে সাধারণ মানুষের পাশাপাশি দোকান মালিক, কর্মচারী, পরিবহন মালিক, পরিবহন শ্রমিকসহ সব স্তরের শ্রেণিপেশার মানুষের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই।”