আওয়ামী লীগের ‘কেমিস্ট্রি’ বোঝালেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিজেদের ‘একম অদ্বিতীয়ম’ মনে করে, আর তার ভাষায়, সেটাই ক্ষমতাসীন দলটির ‘সমস্যা’।
শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এমন সমালোচনা করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমি হালকা করে বলি, আওয়ামী লীগের একটা কেমেস্ট্রি আছে, যেটাকে বলা হয় রসায়ন। রসায়নটা হচ্ছে কি যে, ফার্সিতে বলা হয় ‘আনচু ডিজাবেস্ট’ মানে ‘আমি ছাড়া আর কেউ নেই’। ‘একম অদ্বিতীয়ম’। এটাই সমস্যা তাদের।”
আর এ কারণে বাংলাদেশের মানুষ এখন ‘খুব বিপজ্জনক অবস্থায়’ পড়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের যে লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, সেটাই আজকে সবচেয়ে বিপদের সম্মুখীন হয়েছে।
“দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সারা বিশ্বে আমরা চিহ্নিত হয়েছি মানবাধিকার লঙ্ঘনকারী একটা দেশ হিসেবে।”
সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতা যুদ্ধের চেয়ে ‘এক ব্যক্তির’ জন্মশতবার্ষিকীকে প্রাধান্য দিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
“এখানে অবস্থাদৃষ্টিতে তাই মনে হয়েছে। তারা (সরকার) কতগুলো প্রোগ্রামে স্বাধীনতা যুদ্ধ- মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে এসেছে। মুক্তিযুদ্ধে যারা সেদিন নেতৃত্ব দিয়েছিলেন প্রবাসী সরকার, এমএজি ওসমানি সাহেব ক’বার তাদের নাম উচ্চারণ করা হয়েছে, সেক্টর কমান্ডারদের নাম ক’বার করা হয়েছে, তাজউদ্দিন সাহেবের (তাজউদ্দিন আহমেদ) নাম ক’বার উচ্চারণ করা হয়েছে- আপনারা নিজেরাই তো বুঝবেন।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এদিন আবারও ‘দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা’ বলে দবি করেন ফখরুল।
তিনি বলেন, “তাকে আজকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে। ৪০ বছর ধরে যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন তাকে আজকে এই সরকার আটক করে রেখেছে। অসুস্থবস্থায় তাকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না তারা।”
বিএনপির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক খন্দকার মোশাররফ হোসেন ও সদস্য সচিব আবদুস সালামও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের একটি নতুন চিত্রকর্ম স্থান পেয়েছে দলের চেয়ারপারসনের কার্যালয়ে।
প্রয়াত নেতা খন্দকার আহাদ আহমেদের স্ত্রী শায়লা ইসলাম শুক্রবার ‘রনাঙ্গনে জিয়া’ নামের ওই চিত্রকর্মটি দলের মহাসচিবের কাছে হস্তান্তর করেন।
খন্দকার আহাদ একজন শিল্পীকে দিয়ে এই চিত্রকর্মটি তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য। গত বছরের ২১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আহাদ। চিত্রকর্মটি তার স্ত্রীর কাছে ছিল, যা শুক্রবার হস্তান্তর করলেন তিনি।
আহাদ গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি এবং দলের পররাষ্ট্র বিষয়ক উপকমিটি ও ‘জি-নাইন’ এর সদস্য ছিলেন।
