খালেদা-তারেক ভোটে নেই বলে নির্বাচনে ‘উৎসাহী’ নয় বিএনপি: তথ্যমন্ত্রী
দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া ও তারেক রহমান ভোটে অংশ নিতে পারবেন না বলে বিএনপি নির্বাচনে আগ্রহ হারিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং তখন আওয়ামী লীগ সরকারই নির্বাচনকালীন সরকার বলুন বা তত্ত্বাবধায়ক সরকার বলুন, সেই দায়িত্ব পালন করবে। এর মধ্যে দেশে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো অত্যন্ত সুষ্ঠু হয়েছে, অনেকগুলোতে বিএনপিও জয়লাভ করেছে।
“প্রকৃতপক্ষে জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় বিএনপি নির্বাচনকে ভয় পায়। যেহেতু তাদের দুই নেতা বেগম জিয়া ও তারেক রহমান আদালতে শাস্তিপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবেন না, সেহেতু তারা নির্বাচনে উৎসাহ হারিয়েছে।”
পুরো বিশ্ব বাংলাদেশের উন্নতির স্বীকৃতি দিলেও বিএনপি নেতারা এগুলো স্বীকার করতে কষ্ট হয় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “দেশের মানুষের অগ্রগতি তাদের পছন্দ নয়, বিএনপি চায় দেশের মানুষ দরিদ্র থাকুক।
“গত ১৩ বছরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে তাতে মানুষের মাথাপিছু আয় ৬০০ থেকে ২৬০০ ডলারে উন্নীত হয়েছে। এবং এই বৃদ্ধি আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিশ্বের সবাই স্বীকার করেছে। আমাদের মাথাপিছু আয় অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়েছিল, এখন ভারতকেও ছাড়িয়েছে।“
মানুষের ক্রয়ক্ষমতা কয়েকগুণ বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধির হার বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, “করোনাভাইরাসের মধ্যে বিশ্বের মাত্র ২০টি দেশের জিডিপির ধ্বনাত্বক প্রবৃদ্ধি হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি শীর্ষ দেশ।”
হাছান মাহমুদ বলেন, “আন্তর্জাতিক সংস্থাগুলো দেশের উন্নতির স্বীকৃতি দিলেও মির্জা ফখরুল সাহেবদের এগুলো স্বীকার করতে কষ্ট হয়, কারণ দেশের মানুষের অগ্রগতি তাদের পছন্দ নয় এবং বিএনপি চায় দেশের মানুষ দরিদ্র থাকুক।
“বিএনপির অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন- খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো নয়, তাহলে বাইরে থেকে সাহায্য-খয়রাত পাব না। যাদের মানসিকতা এমন, তাদের তো অগ্রগতি পছন্দ হবে না। সেজন্যই তারা এ নিয়ে বিভ্রান্তিকর কথা বলেন।”
সংগঠনের সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
