কোনো ‘অজুহাতে’ দাম বাড়ালেই কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী
করোনাভাইরাস অথবা রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ পরিস্থিতির ‘অজুহাত দিয়ে’ নিত্যপণ্যের দাম বাড়ালে বা সংকট তৈরি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, করোনাভাইরাস এবং সাম্প্রতিক যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বেড়েছে।
“আমাদের দেশে সরকার পণ্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে এবং একইসাথে যে অসাধু ব্যবসায়ীরা কোনো দুর্যোগ-দুর্বিপাকের সুযোগ নিয়ে পণ্যের মূল্য বাড়িয়ে দেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কারণ কোনো দুর্যোগের সুযোগ নিয়ে পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া কোনো সৎ ব্যবসায়ীর কাজ নয়।”
ব্যবসায়ীদের হুঁশিয়ার করে তিনি বলেন, “করোনাভাইরাস কিংবা কোনো যুদ্ধের অজুহাতে পণ্যের মূল্য ইচ্ছাকৃতভাবে বাড়ালে, সংকট না থাকলেও সংকট সৃষ্টি করলে সেই অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”
দ্রব্যমূল্য নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক সমালোচনার জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা গত কয়েকদিন ধরে দ্রব্যমূল্য নিয়ে কথা বলছেন।
“মির্জা ফখরুল সাহেবরা বলছেন দেশে না কি নিরব দুর্ভিক্ষ চলছে, এটি তিনি কোথায় অনুসন্ধান করে পেলেন, সেটা আমার প্রশ্ন। আজকে বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে থাকে না। সন্ধ্যার পরে কিংবা ভর দুপুরে ঢাকা বা অন্য শহরের অলিতে গলিতে কিংবা গ্রাম-গ্রামান্তরে ‘মা আমাকে একটু বাসি ভাত দাও’ ডাক শোনা যায় না। কারণ বাসি ভাতের সমস্যা আমাদের নেই। কাউকে এক মুষ্ঠি চাল ভিক্ষা দেবেন, সেই দিনও চলে গেছে। অর্থাৎ বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে নেই।”
তিনি বলেন, “বাংলাদেশে সমস্ত মানুষ আগের তুলনায় ভালো আছে বরং মির্জা ফখরুল সাহেবরা যখন ক্ষমতায় ছিলেন তখন সারের দাবিতে যখন মানুষ বিক্ষোভ করছে, তাদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে, কৃষকের ওপর গুলিবর্ষণ করা হয়েছে, মানুষ না খেয়ে মারা গেছে।
“শুধু যারা ক্ষমতায় ছিলেন তাদের উন্নয়ন হয়েছে। আজকে প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।”
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশে গত ১৩ বছরে কয়েক দশকে যেভাবে নারীর ক্ষমতায়ন হয়েছে এটি উন্নয়নশীল দেশের জন্য সত্যিই একটি উদাহরণ।
“জাতীয় প্রেসক্লাবের সভাপতি বা সাধারণ সম্পাদক নারী হবেন এটি আগে কেউ ভাবেনি। সংবাদপত্রের পাশাপাশি টেলিভিশন, রেডিও এবং অনলাইনে বহু নারী এখন কর্মরত।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার মনে করে, দেশের অগ্রগতির জন্য নারী অগ্রগতি আবশ্যক।
“সে কারণে তার নেতৃত্বে নারীর উন্নয়ন ও প্রগতির সুফল পাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন, যদি আগের সরকার প্রধানরা একইভাবে কাজ করতেন, তাহলে বাংলাদেশের নারীরা আরও এগিয়ে যেতে পারত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সভায় আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইনুল আলম, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু।
আরও খবর
