২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বক্তব্য রাজনৈতিক ‘স্টান্টবাজি’: হানিফ

বিএনপি সবকিছুতেই ‘বিভ্রান্তিকর ও উস্কানিমূলক’ বক্তব্য দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায় দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বক্তব্যও রাজনৈতিক ‘স্টান্টবাজি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 07:09 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

রোববার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, “মির্জা ফখরুল সাহেবরা যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি? মির্জা ফখরুল সাহেব প্রত্যেকটি কথাবার্তায় ও প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে সরকারের প্রসঙ্গে টেনে এনে সরকারকে আক্রমণ করে বক্তব্য দিতে পারলেই মনে করে রাজনৈতিক ফায়দা লোটা যায়। দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বক্তব্য রাজনৈতিক স্টান্টবাজি।”

সরকারের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “তাদের দায়িত্বশীল কথাবার্তা বলতে হবে। আমাদের এই মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে যাতে সাধারণ মানুষ কষ্ট না পায়, সেই উদ্যোগ নিতে হবে। সরকারের পাশাপাশি বিরোধী দলও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে এই ব্যাপারে।”

বিএনপি জনগণকে উস্কানি দিয়ে সরকারকে বিপদে ফেলতে চায় অভিযোগ করে হানিফ বলেন, “বিএনপির ধারণা, দেশের মধ্যে কোনো একটা গোলযোগ সৃষ্টি করতে পারলে হয়তো কোনো অপশক্তি ও বাহিরের শক্তি তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। সেটাই তাদের লক্ষ্য। কিন্তু তাদের প্রত্যেকটি ইস্যু ব্যর্থ হয়েছে, কারণ তাদের সব ইস্যুর পেছনে যে বক্তব্য তা মিথ্যাচার ও বিভ্রান্তিতে ভরা। জনগণ এটা বুঝতে পেরে তাদের পক্ষে আজ পর্যন্ত কোনো সাড়া দেয়নি।”

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান অত্যন্ত যৌক্তিক। ঢালাওভাবে কোনো পক্ষ নেওয়া সমীচীন হবে না। বরং এ ইস্যুতে বিএনপির রাজনৈতিক বক্তব্য যুক্তিসঙ্গত হয়নি।”

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী এ সময় উপস্থিত ছিলেন।