বাসদের প্রথম কংগ্রেস শুরু শুক্রবার
সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পাওয়ায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের প্রথম কংগ্রেস আগামী শুক্রবার থেকে রাজধানীর আলাদা তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বুধবার রাজধানীর তোপখানা রোডে বাসদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনদিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পাওয়ায় আলাদা তিনটি ভ্যেনুতে অনুষ্ঠান আয়োজনের কথা তুলে ধরে এর প্রতিবাদ জানান দলটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
“স্বাধীনতার ৫০ বছর পরে এসে সংবিধানে দেওয়া সভা-সমাবেশ-মিছিল-ধর্মঘট করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ জানাচ্ছি। সভা-সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। এই রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্র বানানো হয়েছে।”
লিখিত বক্তব্যে তিনি জানান, কংগ্রেস উপলক্ষে তিন মাস আগে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে মাঠ বরাদ্দের জন্য গণপূর্ত অধিদপ্তরে আবেদন করা হলে তারা শর্ত দেয়, পুলিশের অনুমতি পেলেই মাঠ ব্যবহার করা যাবে।
খালেকুজ্জামান বলেন, “দীর্ঘদিন অপেক্ষা করিয়ে রাখার পর শেষ মুহূর্তে এসে মঙ্গলবার রাতে শাহবাগ থানা থেকে ফোন করে জানানো হয়, বইমেলার নিরাপত্তার কারণে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া যাবে না।”
সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের পক্ষ থেকে কংগ্রেসের যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা, উপজেলায় নতুন নেতৃত্ব বেছে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে এসব কমিটির নাম ঘোষণা করা হবে। পরিচয় করিয়ে দেওয়া হবে নতুন নেতৃত্বকে।
প্রথম কংগ্রেসে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কোভিড পরিস্থিতির কারণে ইউরোপ, উত্তর ও ল্যাটিন আমেরিকাসহ অন্যান্য দেশের নেতারা সশরীরে উপস্থিত হতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
তিনদিনের কর্মসূচি:
> প্রথমদিন শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
> দ্বিতীয় দিন শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় কমিউনিস্ট আন্দোলন: সংকট, সম্ভাবনা ও করণীয়’ শিরোনামে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে জাতীয় ও আন্তর্জাতিক নেতারা অংশ নেবেন।
> তৃতীয় দিন রোববার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে সম্মেলনে আসা বিভিন্ন দেশ ও বাংলাদেশের বামপন্থি দলগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, রওশন আরা রুশো, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
