২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের পদত্যাগের বিকল্প নেই: ফখরুল

বিএনপি ১৯৯১ সালের মতো ‘নির্দলীয় সরকারের’ অধীনে নির্বাচন চায় বলে ফের জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2022, 09:30 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেছেন, “দেশে যে সংকট চলছে- এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কোনো বিকল্প নেই, সংগ্রাম-আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করতে।

“তাদের পদত্যাগের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ১৯৯১ সালের মতো তাদেরকে ক্ষমতা দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচন করে সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্বশীল একটা পার্লামেন্ট এবং সরকার গঠন করা।

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই শুধু জাতির ভবিষ্যত নির্মাণ করা সম্ভব মন্তব্য করে তিনি বলেন, “আজকে যেভাবে পরিকল্পিতভাবে এই দেশকে একটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে, যেভাবে একটা পরিকল্পিতভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধবংস করে ফেলা হয়েছে আবার সেগুলোকে নির্মাণ করার একটা সুযোগ সৃষ্টি হবে।”

রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘২৭ ফেব্রুয়ারি, ১৯৯১ নির্বাচন : নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের রোল মডেল’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “নব্বইয়ে স্বৈরাচারের পতনের পরে এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার হয়েছিলো। তখনকার সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিধান ছিলো না। কিন্তু…জনগণের স্বার্থে সেইদিন নির্দলীয় নিরপেক্ষ একটি সরকার হয়েছিলো। সংবিধানে যে ছিলো না, তাতে কোনো বাধা হয় নাই। এটা আজকে আমরা জাতির কাছে তুলে ধরতে চাই।”

জাতীয় প্রয়োজনে সংবিধানে কী আছে, কী নাই সেটি বড় কথা নয় মন্তব্য করে তিনি বলেন, “১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহম্মদের নেতৃত্বে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সরকার একটি নির্বাচন দিয়েছিলেন যে নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ এবং জনগণের স্বতস্ফূর্ত ভোটের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক আন্তর্জাতিক স্বীকৃত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।”

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “আজকে পত্রিকায় দেখলাম কী নাম যেন অখ্যাত-কুখ্যাত একজন লোক, তাকে দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে। হাবিবুল আউয়াল সম্ভবত। কখনও নাম শুনি নাই। এই সমস্ত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমরা সেই ব্যাপার আগ্রহী নই।

“কিন্তু খুবই খারাপ লাগে, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার জন্য একদল জল্লাদ নিয়োগ করেছে, নির্বাচন কমিশন নয়। এদেরকে জল্লাদ বলা হবে। এরা হলো একদল জল্লাদ, যারা এই দেশের গণতন্ত্রকে হত্যা করবার জন্য যারা এই সরকারকে সহযোগিতা করবে।”

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমরা এই নির্বাচনী কমিশন নিয়ে আগ্রহী নই। আমরা আগ্রহী নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার। নিরপেক্ষ সরকার না হলে এই দেশে কোনোদিন সুষ্ঠু হবে না, ভালো হবে না।

“যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ সরকার না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।”

জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আহমেদ আজম খান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, তাঁতী দলের আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল বক্তব্য রাখেন।