২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের ‘প্রকৃত’ অবস্থা টিসিবির ট্রাকের সামনে দৃশ্যমান: নজরুল

টিসিবির ন্যায্যমূল্যের পণ্যের ট্রাকের সামনেই দেশের মানুষের ‘প্রকৃত অবস্থা দৃশ্যমান’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 09:14 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “আমাদের পরিকল্পনামন্ত্রী বলেছেন যে, প্রতি রাত্রে আমরা ঘুমাইয়া ঘুমাইয়া বড়লোক হয়ে যাচ্ছি যে টেরই পাচ্ছি না। আমি বলতেছিলাম, যশোরে এক ডাক্তার এক রোগীকে জিজ্ঞাসা করছে জ্বর হয়? বলে- ‘না না’। গায়ে ব্যথা হয়? বলে- ‘না না’। ডাক্তার বলতেছে হয় হয়, বুঝতে পারো না।

“টিসিবির ট্রাকের পাশে যান- দেখবেন মানুষরা কোন অবস্থায় আছে। টিসিবির ট্রাকের সামনে প্রতিদিন দেখা যায় লম্বা লাইন। সাংবাদিক বন্ধুগণ আমার কাছে ছবি আছে… সবাই ট্রাকের কাছে লাইন দিতেছেন হয় মাস্কের মাধ্যমে, না হয় মাফলার দিয়ে রুমাল দিয়ে মুখ ঢেকে। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের জাতীয় গড় আয় নাকি ২৫০০ ডলারের বেশি! তাতে প্রায় ১৯ হাজার টাকার মত হয় মাসে।”

সাধারণ মানুষের দুরাবস্থার কথা বলতে গিয়ে নজরুল ইসলাম খান বলেন, “আমাদের লোকরা ছুটতেছে বউ বাজার, যেটাকে বলা হয় ফকিরনি বাজার, সেখানে ছুটছে লোকরা। কেনো যাচ্ছেন? আমাদের এক মন্ত্রী বলে যে, আকাশ থেকে যখন ঢাকা দেখি তখন মনে হয় লস অ্যাঞ্জেলেসে যাই, আর নিচে নামলে বাথরুমে গেলে নাকি মনে হয় সিঙ্গাপুরে আছি!”

“আল্লাহর ওয়াস্তে একবার ওই ট্রাকের কাছে যাইয়া দেখেন- কোথায় আছেন, একবার ওই ফকিরনি বাজারে যাইয়া দেখেন- কেমন আছে দেশের মানুষ। এই নির্মম রসিকতা বন্ধ করুন।”

দরিদ্র মানুষের সংখ্যা ‘বাড়ছে’

নজরুল ইসলাম খান বলেন, “বাস্তবতাটা এই যে, কোভিডের মধ্যে ১১ হাজারের বেশি নতুন কোটিপতি হয়েছে বাংলাদেশে, এটা ব্যাংকের হিসাব। যারা ওই সম্রাটদের বাক্সের মধ্যে বা আলমারীর মধ্যে টাকা রাখে সেটা নয়, ব্যাংকে রাখা হিসাব।

“আর অন্যদিকে তিন কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়ে গেছে দেশে। অর্থমন্ত্রী বলেছেন- তিনি এটা মানেন না। মাননীয় অর্থমন্ত্রী আপনি কোন হিসাব মানেন? আপনার কি কোনো হিসাব আছে? যদি না থাকে, যারা হিসাব করে তাদেরটা মানেন।”

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, “আগে শুনতাম মানুষ দরিদ্র হয়, না হয় নিম্ন মধ্যবিত্ত হয়, না হয় মধ্যবিত্ত হয়, না হয় উচ্চবিত্ত হয়। আর এখন অর্থনীতিবিদরা বলছেন, এখন হয় নিরঙ্কুশ দরিদ্র, হতদরিদ্র, চরম দরিদ্র, দরিদ্র। অর্থাৎ দরিদ্র চারটা ভাগে ভাগ হয়ে গেছে। এতই দরিদ্র মানুষ যে তাদের একভাগে রাখাই যাচ্ছে না।”

‘এই উন্নয়ন মানে ফুটানি’

নজরুল ইসলাম খান, “সরকার বলছে যে, উন্নয়নের পর উন্নয়ন হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কিছু কিছু মানুষের তো উন্নয়ন হচ্ছেই। সালমান সাহেবের মতো অবস্থাপন্ন মানুষ ধনবান মানুষ আর আমার বা মান্না ভাইসহ তাদের ইনকামের যদি গড় করেন তাহলে তো আমরা কোটিপতি হয়ে যাব। কিন্তু আসলে তো কোটিপতি না।

“একইভাবে জিডিপির হিসাব করে বলা হচ্ছে, আমাদের ২৫৯১ ডলার পার ক্যাপটিা ইনকাম। অর্থনীতিবিদরা বলছেন, ওই সংখ্যাটা বাড়ানোর জন্য আমাদের জনসংখ্যা কম দেখানো হচ্ছে। অনেকে বলে আমাদের দেশের জনসংখ্যা এখন ১৮ কোটি। সরকার বলে ১৬ কোটি।”

নাইজেরিয়ায় এরকম হিসাবের গোজামিল দেওয়া হয়েছিল দাবি করে নজরুল বলেন, “২০১৪ সালের ডিসেম্বর মাসে নাইজেরিয়া ঘোষণা করল যে, তারা আফ্রিকার সবচেয়ে ধনী দেশ এবং এটা শুনে একজন বিশ্লেষক বলেছিলেন, এটা হচ্ছে একটা ভ্যানিটি। বাংলাদেশে উন্নয়নের যে হিসাব দেয়া হচ্ছে, এটা সেরকম। ভ্যানিটি বুঝেছেন তো? ফুটানি, ফুটানি। সাধারণ মানুষের এটাতে কিছু আসে যায় না।”

দ্রব্যমূল্য কমাতে ‘আন্দোলন’

নজরুল ইসলাম খান বলেন, দেশে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে মানুষের উপার্জন কোনো কাজে আসছে না। সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। চাল-ডাল-তেল-নুন-মরিচ-পেঁয়াজ সব কিছুর দাম বাড়ছে।

“আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমরা খুব আন্দোলনে যাব, রাজপথে আসব।’’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “মানুষ রাজপথে নেমেছে। ওমিক্রনের বিধিনিষেধ আসবার পরে আপনারা পথে নেমেছিলেন, হাজার হাজার মানুষ জনসভায় যোগ দিচ্ছিল। কোথাও কোথাও ১৪৪ ধারা জারি করেছিলো, বাংলাদেশের মানুষ ১৪৪ ভেঙে সভা করেছে।

“এখন ওমিক্রন চলে গেছে অথবা একটু একটু আছে। কিন্তু বিধি-নিষেধ নাই। অতএব আমরাও আবার রাজপথে আসছি। এরপর ১৪৪ দেন। আমরা ১৪৪ কে তেল দিয়ে ভেজে খেয়ে নেব। কোনো বিধি-নিষেধের সামনে মাথানত করব না।”

সরকারের উদ্দেশে মান্না বলেন, “এই আন্দোলন কেবল আওয়ামী লীগকে সরিয়ে একটা ভোট করে যেমনি-তেমনি একটা সরকারের ভোট না। আমরা বাংলাদেশটাকে ভালো করতে চাই, দেশটাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীসহ নেতা-কর্মীদের মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানবববন্ধন হয়।

সংগঠনের আহ্বায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য আজিজুল বারী হেলালের পরিচালনায় এ মানববন্ধনে বিএনপির আবদুস সালাম, মীর সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ফরিদা ইয়াসমীন, যুবদলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, মৎস্যজীবী দলের আবদুর রহিমসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।