সরকার পরিবর্তনে ‘আলোর রেখা’ দেখছেন হাফিজ
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারকে সরাতে যে আন্দোলন তারা করে আসছেন, তাতে ‘টানেলের শেষ প্রান্তে আলোর রেখা’ তিনি দেখতে পাচ্ছেন।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই, প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।
“তবে আমরা টানেলের শেষে আলোর রেখা দেখতে পারছি। এই সরকারের আয়ু বেশি দিন নেই। রাজপথে অনেক বেশি লোকসমাগম হচ্ছে, সাধারণ মানুষও আসছে। পরিবর্তন আসবেই।”
চলমান ইউপি নির্বাচনে আওয়ামী লীগের তুলনায় স্বতন্ত্র প্রার্থীদের এগিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে এই বিএনপি নেতা বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হচ্ছে, নৌকার ভরাডুবি হচ্ছে। স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীরা জয় পাচ্ছেন। নির্বাচনে এতো কারচুপির পরও তারা জিততে পারছে না। জনগণ তাদের ঘৃণা করে।
“আওয়ামী লীগের চেহারা কেমন, এক মুরাদ হাসানের মাধ্যমে আমরা দেখতে পেলাম। এরকম অসংখ্য মুরাদ হাসান রয়েছে। মুরাদ হাসান হলো ‘টিপ অফ দ্য আইসবার্গ’। অধিকাংশ মুরাদ হাসানরা পানির নিচে, তাদের চেহারা এখনও দেখা যাচ্ছে না। সরকার পরিবর্তন হলে অসংখ্য মুরাদ হাসন পাবেন। সেই দিন বেশি দূরে নয়, অপেক্ষা করুন।”
সম্প্রতি দেশের একটি বাহিনীর ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “আগামী দিনে তারা (আওয়ামী লীগ) নিশিরাতে নির্বাচন করতে পারবে না। যেহেতু বিশ্বের পরাশক্তির দৃষ্টি আকর্ষণ হচ্ছে, একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। আরও অনেক নিষেধাজ্ঞা আসবে। যদিও এটি আমাদের জন্য লজ্জাকর।”
সরকার প্রতিহিংসামূলকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘কষ্ট দিচ্ছে’ অভিযোগ করে তিনি বলেন, “এখন জনগণের উচিত বিএনপির নেতৃত্বে রাজপথে নেমে এই সরকারকে বিদায় করা।”
৭ জানুয়ারি ‘ফেলানী হত্যা দিবস’ উপলক্ষে প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে এই আলোচনাসভা হয়। মানবাধিকার সংরক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের নাগেশ্বরী থানার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। তার মরদেহ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল।
নির্মম ওই ঘটনার প্রতিবাদ জানাতে প্রতিবছর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দিনটিকে ফেলানী হত্যা দিবস পালন করে।
বিএনপি নেতা হাফিজ বলেন, “আমরা চাই না আর কোনো ফেলানী কাঁটাতারে ঝুলে থাকুক। সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যু আমরা দেখতে চাই না।
“আমাদেরকে শক্তি অর্জন করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে এই ফেলানীদেরকে আগামী দিনে রক্ষা করব।”
লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির অর্পনা রায়, অ্যালবার্ট পি কস্টা, মুক্তিযোদ্ধা দলের শহীদুল ইসলাম চৌধুরী মিলন, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, কেন্দ্রীয় নেতা মোসলেহ উদ্দিন, রামকৃষ্ণ সাহা, আবদুর রহমান খোকন, হুমায়ুন কবীর আলোচনা সভায় বক্তব্য দেন।
