২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুব তালুকদার বললেন, এখন যুদ্ধ আছে, ভোট নেই

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাতে আর মৃত্যুতে হতাশা প্রকাশ করে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 11:22 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে বুধবার ভোট শেষে তিনি বরাবরের মতো সাংবাদিকদের দেওয়া লিখিত বক্তব্যে বলেন, “সন্ত্রাস ও সংঘর্ষ যেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের অনুসঙ্গ হয়ে উঠেছে।

“এখন ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। ইউপি নির্বাচনে এখন উৎসবের বাদ্যের বদলে বিষাদের করুণ সুর বাজছে।”

বুধবারের নির্বাচনে বিভিন্ন স্থানে সংঘাত-সহিংসতায় অন্তত নয়জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে শুধু বগুড়ার গাবতলীতেই প্রাণ গেছে চারজনের।

ভোট শেষে ইসির পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ‘ভালো নির্বাচন’ হয়েছে বললেও মাহবুব তালুকদার বললেন ভিন্ন কথা।

গোলযোগের পরও, নির্বাচন ভালো হয়েছে বললেন ইসি সচিব  

তিনি বলেন, “নির্বাচনের মৌলিক শর্ত ভোটের আগে ও পরে ব্যালট পেপারের নিরাপত্তা বিধান। আমরা যথাযথভাবে তা দিতে ব্যর্থ হয়েছি। আইন-শৃঙ্খলা বাহিনী এর দায় এড়াতে পারবে বলে মনে হয় না।”

বিভিন্ন স্থানে ব্যালট পেপার ছিনতাইয়ের যে তথ্য গণমাধ্যমে এসেছে, তা তুলে ধরে তিনি বলেন, “স্মরণযোগ্য যে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পূর্ব রাতে ব্যলট পেপারের ঘটনাটি বিবিসি প্রকাশ করার পর নির্বাচন কমিশন ‘দিনের ভোট রাতে করে’ বলে আমরা প্রশ্নবিদ্ধ হই। এটি কোনোভাবেই কাম্য ছিল না।”

Image
মাহবুব তালুকদার। ফাইল ছবি

মাহবুব তালুকদার। ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সন্ত্রাসের কারণ অনুসন্ধান করে তা থেকে মুক্তির উপায় খোঁজার উপর জোর দেন আর এক মাস পর বিদায় নিতে যাওয়া ইসির কমিশনার মাহবুব তালুকদার।

ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে না করার পক্ষে মত জানিয়ে তিনি বলেন, দলীয় মনোনয়ন প্রথা উঠিয়ে না দিলে সন্ত্রাস ও সংঘর্ষ উত্তরোত্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কয়েকটি স্থানে সংসদ সদস্যরাও ইউপি নির্বাচনের পরিবেশ ‘কলুষিত’ করেছেন বলে অভিযোগ করেন মাহবুব তালুকদার।

তিনি বলেন, “কেবল চিঠি দেওয়া ছাড়া তাদের সম্পর্কে আর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। কেউ কেউ সেই চিঠি উপেক্ষা করেছেন। এজন্য আইনের কঠোর প্রয়োগ অনিবার্য ছিল। কিন্তু নির্বাচন প্রক্রিয়া সংস্কার না করা হলে তাদের সম্পর্কে কঠোর ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়।”

মাহবুব তালুকদার মনে করেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা ও রক্ষা করা এখনও ‘সুদূরপরাহত’।

“গণতন্ত্র ও মানবাধিকার একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একমাত্র নির্ভেজাল গণতন্ত্রই মানবাধিকারের গ্যারান্টি দিতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও এর প্রতিষ্ঠানিক রূপদানের জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আইনানুগ গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।”

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসির মেয়াদের গত পাঁচ বছরে সভা বর্জন, কমিশনের সমালোচনাসহ নানা কারণে আলোচনায় ছিলেন মাহবুব তালুকদার।

বিনা লড়াইয়ে ‘জয়ের সংস্কৃতি’ চিন্তার বিষয়: মাহবুব তালুকদার

নির্বাচন ‘আইসিইউতে’, গণতন্ত্র ‘লাইফ সাপোর্টে’: মাহবুব তালুকদার