২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে খেলাফতের ৬, গণতন্ত্রী পার্টির ৮ দাবি

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে খেলাফত আন্দোলন ৬ দফা এবং গণতন্ত্রী পার্টির ৮ দফা দাবি জানিয়ে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 12:33 AM

Updated : 25 Oct 2022, 10:08 AM

সোমবার বঙ্গভবনে সংলাপ করে বেরিয়ে দল দুটির নেতারা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

গণতন্ত্রী পার্টির সভাপতি আরশ আলী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যায়।

সংলাপ শেষে আরশ আলী সাংবাদিকদের বলেন, “সংবিধানের ১১৮ অনুচ্ছেদে আইনের কথা বলে আছে। সেই আইন অনুযায়ী একটি বিধি-বিধান তৈরি করার জন্য তারা প্রস্তাব আমরা করেছি। যদি তা করা না হয় তাহলে কী করতে হবে সে বিষয়ে বিশেষ কাউন্সিল গঠনের কথা বলেছি।

“সেক্ষেত্রে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, প্রধান বিচারপতি ও এটর্নী জেনারেলকে নিয়ে একটি বিশেষ কাউন্সিল গঠন করা যেতে পারে। সার্চ কমিটি ৫টি করে নাম প্রস্তাব করবে কাউন্সিলের কাছে সেই কাউন্সিলের কাজ হচ্ছে নির্বাচন কমিশনারদের নাম সংক্ষেপ করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন।”

খেলাফত আন্দোলনের চেয়ারম্যান আতাউল্লাহ ইবনে হাফেজের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।

সংলাপ শেষে দলটির সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, “আমরা ৬টি প্রস্তাব দিয়েছি। সকল দলের ঐক্যমতো ভিত্তিতে একটি স্থায়ী নির্বাচন কমিশন গঠন করতে হবে। সৎ নিষ্ঠাবান, নির্দলীয় ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা।

“ধর্মবিদ্বেষী, চিহ্নিত দুর্নীতিবাজ, কালোটাকার মালিক, অবৈধ সম্পত্তি বৈধকারী, খুনি-সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত অপরাধী এবং ঋণখেলাপির সঙ্গে যুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।”

মাদকাসক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও জানিয়েছে খেলাফত আন্দোলন।

মহিউদ্দিন বলেন, “নির্বাচনে পাস করার পরও যদি মেডিকেল টেস্টে মাদকদ্রব্য গ্রহণের প্রমাণ পাওয়া যায়, তবে তার সংসদ সদস্য পদ বাতিল করতে হবে।”

দলে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার আইনি বাধ্যবাধকতা তুলে দেওয়ার দাবিও জানিয়েছে খেলাফত।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংলাপ শেষে সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, রাজনীতিতে সহমত ও সৌহার্দ্যের সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য। গণতন্ত্রকে বিকশিত করতে রাজনৈতিক দলগুলোকে অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।”

গণতন্ত্রী পার্টির ৮ দফা প্রস্তাব পেশ করেন বলে জানান তিনি।

প্রেস সচিব বলেন, “আলোচনাকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন একটি শক্তিশালী, দক্ষ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য একটি স্থায়ী আইন প্রণয়নসহ ৬ দফা পেশ করে।”

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।