২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জোট নয়, এককভাবে প্রার্থী দেবে জাতীয় পার্টি: চুন্নু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2022, 10:57 PM

Updated : 25 Oct 2022, 10:07 AM

দলটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ ঘোষণা দেওয়া হয়।

দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু যখন এ কথা বলেন তখন চেয়ারম্যান জিএম কাদেরসহ মঞ্চে উপস্থিত দলীয় নেতাদের হাততালি দিয়ে সমর্থন জানাতে দেখা যায়।

সবশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনে জোট করে নির্বাচন করেছিল জাতীয় পার্টি। ভোটে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম অংশীদার জাতীয় পার্টি আসন পায় ২২টি।

শনিবার চুন্নু বলেন, “বাংলার মানুষ আজকে বিএনপি এবং আওয়ামী লীগের প্রতি ভীতস্তব্ধ, বাংলার মানুষ আজকে চায় জাতীয় পার্টি এগিয়ে আসবে।

“জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে, এককভাবে ক্ষমতায় যাবে। আমরা কারও নেতৃত্বে জোটে যাব না। আমাদের চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে যদি কেউ জোটে আসে তাহলে জোট হতে পারে।”

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির ডাকা সংলাপে এ সংক্রান্ত আইন করার জন্য জাতীয় পার্টির দেওয়া প্রস্তাবের বিষয়টিও তুলে ধরেন চুন্নু। 

আইনমন্ত্রীর ‘সময় কম’ মন্তব্যের বিষয়ে তিনি বলেন, “আমি বলছি, নির্বাচন কমিশন আইন আমি রেডি করে রেখেছি। যদি বলেন জানুয়ারিতে যে সংসদ বসবে, প্রথম দিনে বেসরকারি সেই বিল আমি প্রস্তাব করব। আপনাদের কষ্ট করতে হবে না।”

‘এরশাদের স্বৈরতন্ত্র অনেক ভালো ছিল’

১৯৮৬ সালের এ দিনে প্রতিষ্ঠার পর থেকে ৩৫ বছর সময়ের মধ্যে প্রায় চার বছর জাতীয় পার্টির ক্ষমতায় থাকার ইতিহাস অনুষ্ঠানে তুলে ধরেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

পরবর্তী ৩১ বছর ক্ষমতায় যেতে না পারলেও ক্ষমতার নিয়ামক শক্তি হিসেবে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে জানিয়ে এর সপক্ষে যুক্তি তুলে ধরেন।

“যে চার বছর জাতীয় পার্টি সরকার পরিচালনা করেছে, সে চার বছর বাংলাদেশ গণতন্ত্র চর্চার মাপকাঠিতে ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পাদনে তুলনামূলকভাবে ভালো ছিল, বলা যায়।”

‘অপপ্রচার’ করে দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার বলা হতো দাবি করে জিএম কাদের বলেন, “জাতীয় পার্টির দেশ পরিচালনার সময়কালে কিছুটা হলেও গণতন্ত্রের স্বাদ পেয়েছে দেশের মানুষ।

“জনগণের অধিকার অপেক্ষাকৃতভাবে নিশ্চিত ছিল। অনেক বেশি সুশাসন উপভোগ করেছে মানুষ। আইনের শাসন ছিল। সবাই আইনের চোখে সমান ছিল ও আইনের আওতায় ছিল।”

সেসময় বৈষম্য কম ছিল দাবি করে তিনি বলেন, “গণতন্ত্রের মাপকাঠি করা হলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে গণতান্ত্রিক সরকার হিসেবে জাতীয় পার্টির সময়কাল ছিল এক নম্বর গণতান্ত্রিক সরকার।

“হুসেইন মুহম্মদ এরশাদ স্বৈরাচার ছিলেন, এটা বিএনপি-আওয়ামী লীগের অপপ্রচার ছিল। ওনার জীবনে কোনো নির্বাচনে হারেননি। এমনকি ‘৯১ সালেও বহু আসনে জাতীয় পার্টি বিজয় লাভ করেছিল।”

এর আগে জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, “এই গণতন্ত্র থেকে এরশাদের স্বৈরতন্ত্র অনেক ভালো ছিল।”

সংবিধান সংশোধনের আহ্বান

৫০ বছরে দেশের রাজনীতির কথা তুলে ধরে জিএম কাদের বলেন, “সার্বিকভাবে বিবেচনায় স্বাধীনতার পর থেকে অদ্যাবধি বাংলাদেশে কোনো সময় গণতন্ত্রের চর্চা গ্রহণযোগ্য পর্যায়ে ছিল না।

সংবিধান সংশোধনের দাবি জানিয়ে জিএম কাদের বলেন, “সংবিধানের সাংঘর্ষিক ধারাগুলো সংশোধন করতে হবে। একনায়কতন্ত্রের পরিবর্তে সাংবিধানিকভাবে গণমানুষের জন্য গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।

“সংবিধানের চার মূলনীতি সমুন্নত রাখতে হবে। আমরা মনে করি, গণতন্ত্র চর্চার স্বার্থে সংবিধানে সংশোধন, সংযোজন ও সহায়ক আইন প্রণয়ন আবশ্যক।”

‘দেশের মানুষ রক্তাক্ত নির্বাচন চায় না’

দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে দাবি করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “নির্বাচনে ভিন্নমতাবলম্বীদের মাঠে দাঁড়াতে দেয় না ক্ষমতাসীনরা। ক্ষমতার জোরে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হতে চায় তারা।

“কোথাও কোথাও ক্ষমতাসীনরা প্রশাসনের সহায়তায় কলুষিত করছে নির্বাচনী ব্যবস্থা। প্রশাসন ও আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা নির্বাচনে ভোট ডাকাতি ও অব্যবস্থাপনার সাথে জড়িয়ে যাচ্ছে।

সকলের সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।

জিডিপিতে সাধারণের প্রাপ্তি নিয়ে প্রশ্ন

সরকারের সমালোচনা করে জিএম কাদের বলেন, “সরকারের পক্ষ থেকে বলা হয় জিডিপি বেড়েছে, জিডিপি বাড়লে মানুষের পেট ভরে না, এই জিডিপি ধুয়ে কী পানি খাব?”

দেশের মানুষের মধ্যে এর কোনো প্রভাব পড়েনি দাবি করে তিনি বলেন, “দেখা যাচ্ছে জিডিপি বাড়লে সাধারণ মানুষের উপকার হয় না, তাই জিডিপি নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই।“

আরও পড়ুন

বিদিশা বললেন, জাতীয় পার্টিতে ‘চমকের পর চমক আসছে’