২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিকৃত ব্যাখ্যা’ দিচ্ছেন আইনমন্ত্রী: রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক ‘বিকৃত ব্যাখ্যা’ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 05:58 PM

Updated : 02 Aug 2022, 06:46 PM

বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিস ধরা পড়েছে সেখানে।

দুর্নীতি মামলায় দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রী এখন সরকারের নির্বাহী আদেশে সাময়িকভাবে মুক্ত আছেন। বিদেশে নিয়ে তার চিকিৎসা করানোর জন্য সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার।

একই দাবিতে বিভিন্ন কর্মসূচিতে বিএনপি ‘কঠোর আন্দোলনের’ হুমকি দিলেও সরকার তাতে সায় দেয়নি।

মানববন্ধনে রুহুল কবির রিজভী বলেন, “আইনমন্ত্রী গতকাল বলে দিয়েছেন যে, আইনে নাই বিদেশে যাওয়ার। আরে আইনমন্ত্রী, আপনার তো নিজের কথাটা, এটা আইনের বিধানেও নাই।… আপনি আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন।”

আইনমন্ত্রী আনিসুল হক বুধবার বলেন, দুর্নীতিতে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে জেলে ফিরে ‘নতুন করে’ আবেদন করতে হবে। তখন হয়ত সরকার বিবেচনা করতে পারে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে রিজভী বলেন, “ডাক্তাররা বলেছেন, তার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময়ে একটা বড় বিপদ ঘটে যাবে। তারপরেও এত পাষাণ, এত পাথর, এত নির্দয় এই প্রধানমন্ত্রী আর তার আইনমন্ত্রী।”

একাদশ নির্বাচনে ‘ভোট কারচুপির’ অভিযোগ করে তার প্রতিবাদ জানিয়ে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। দলটির নেতা-কর্মীরা সেখানে কালো পতাকা নিয়ে অংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

রিজভী বলেন, “যারা বাংলাদেশের হালহকিকত নিয়ে গবেষণা করেন, তারা বলছেন, এই পর্যন্ত ১১ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এভাবে টাকা পাচার করেন, মানব পাচার করেন।

“তারাই ৩০ ডিসেম্বর দিনের ভোট রাত্রের পাচার করেছে। তারপরও ক্ষমতাসীনরা গলাবাজি করেন। এ তো মিথ্যা নয়, যুগ যুগ ধরে এটা প্রচারিত- চোরের মায়ের বড় গলা।”

দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি কামাল হোসেনের সঙ্গে জোট বেঁধে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়। সেই ভোটে ২৫৮ আসনে জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে মাত্র ছয়টি আসনে জয় পেয়ে ভরাডুবি হয় বিএনপির।

মানববন্ধনে রিজভী বলেন, “এই জাতির দীর্ঘ ইতিহাস, নয় মাসের যুদ্ধের ইতিহাস, হাজার বছরের সংগ্রামের ইতিহাস। আবার এই জাতি তীব্র গতিতে জেগে উঠবে। শেখ হাসিনার ময়ুরের সিংহাসন আবার রাস্তায় লুটিয়ে দেবে, আবার গণতন্ত্র ফিরে আসবে, আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, আবার গণতন্ত্রের মুক্ত বাতাস বইবে।”

ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক লিটন মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির শ্যাম ওবায়েদ, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মহানগর উত্তরের আমিনুল হক, যুব দলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মৎস্যজীবী দলের আবদুর রহিম, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার বক্তব্য রাখেন।

আরও পড়ুন

খালেদা জেলে ফিরে আবেদন করলে আলোচনা হতে পারে: আইনমন্ত্রী  

খালেদা জিয়া: আইন মন্ত্রণালয় বলেছে ‘সুযোগ নেই’, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী