সংলাপের নামে সরকারের ‘নতুন নাটক’: ফখরুল
নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির ডাকে যে সংলাপ শুরু হয়েছে, তাকে ‘নতুন নাটক’ আখ্যা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে এক সমাবেশে বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “এখন নতুন একটি নাটক শুরু হয়েছে। সেই নাটকটা কী? সংলাপ। বুঝেছেন না-সংলাপ। অর্থাৎ সংরা বসে যেখানে আলাপ করে। সং কাকে বলে জানেন তো, গ্রামের মানুষের সব জানার কথা….। আজকে রাষ্ট্রপতি আবদুল হামিদ সাহেব বিভিন্ন রাজনৈতিক দলকে দাওয়াত করছেন। দাওয়াত করে বঙ্গভবনের খাওয়া-দাওয়া দিচ্ছেন। আর বলছেন যে, আসেন আমরা কথা বলে, একটা ভালো কমিশন গঠন করি। এধরনের নির্বাচন কমিশন এদেশের মানুষ চায় না।
“আমরা খুব পরিষ্কার করে বলেছি, নির্বাচন কমিশন গঠন করার আগেই অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”
সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া তত্ত্বাবধায়ক সরকারের বিধানে বিগত সময়ে কয়েকটি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তারা বুঝলো যে, তত্ত্বাবধায়ক সরকার থাকলে আমরা আর জিততে পারব না। তাই দলীয় সরকারের অধীনে নির্বাচনে সংবিধান তারা সংশোধন করল।”
প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহৃত না হয়ে প্রজাতন্ত্রের সেবক হিসেবে কাজ করার আহবান জানান বিএনপি মহাসচিব।
গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে সুচিকিৎসার দাবিতে এই সমাবেশ হয়।
দুপুর থেকে জেলা ও মহানগরের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকে। বিকাল তিনটার আগে সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। নেতা-কর্মীদের প্রচণ্ড ভিড় ডিঙিয়ে সামনে যাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে কয়েক দফা। নেতা-কর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি নিয়ে এ সমাবেশে উপস্থিত হয়।
জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব কাজী সাইয়্যেদুল আলম বাবুল ও মহানগর সদস্য সচিব সোহরাব উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজুলর রহমান, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, আবদুস সালাম আজাদ, হুমায়ুন কবীর খান, রফিকুল ইসলাম বাচ্চু, তাইফুল ইসলাম টিপু, মাজহারুল আলম, গাজীপুর মহানগরে সালাহউদ্দিন সরকার, মজিবুর রহমান, যুব দলের সাইফুল ইসলাম নিরব, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনসহ স্থানীয় জেলা নেতারা বক্তব্য রাখেন।
