বড়দিনের কেক কাটলেন ফখরুল
বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করল বিএনপি।
বৃহস্পতিবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই আয়োজনে একটি কেক কাটা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী শনিবার সাড়ম্বরে বড়দিন উদযাপন করবে সারাবিশ্বের খ্রিস্টান সম্প্রদায়। তার দুদিন আগে বিএনপি শুভেচ্ছা বিনিময় করল।
অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যীশু খ্রিস্টের এই জন্মদিনে আমাদের এই প্রার্থনা হওয়া উচিৎ যে আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, অন্ধকারকে দূর করে আলোয় নিয়ে আসি এবং আমরা যেন একটা কল্যাণময় রাষ্ট্র উপহার দিতে পারি, এই প্রার্থনা করি।”
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, “আজকে এখানে মানবতা ভূলণ্ঠিত হচ্ছে, মানুষের অধিকার ভূলণ্ঠিত হচ্ছে, ভোটের অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে, এমনকি আমার ধর্ম পালন করবার অধিকারকেও খর্ব করা হচ্ছে।
“এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যতগুলো সাম্প্রদায়িক দুর্ঘটনা ঘটেছে, অন্য কোনো সময়ে এমনটি ঘটেনি। আমাদের সবচেয়ে শান্তির জোট খ্রিস্টান সম্প্রদায়ের ওপরেও ঠিক একইভাবে অন্যায় করা হয়েছে, তাদের ঘর-বাড়ি-উপাসনালয় ধ্বংস করা হয়েছে, তাদের ধর্মযাজককে হত্যা করা হয়েছে।”
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। একইসঙ্গে তার অসুস্থতার কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের ‘প্রতিহিংসামূলক মিথ্যা মামলা’ দিয়ে তাকে কারাবন্দি করে।
অনুষ্ঠান তারেক রহমানও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
এলবার্ট পি কস্টার সভাপতিত্বে সুব্রত রোজারিওর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, জন গোমেজ, মার্সেল এম চিরান বক্তব্য রাখেন।
