২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘অল্প সময়ে’ ক্ষমতার পরিবর্তন হবে: নূর

বাংলাদেশে ‘অল্প সময়ে’র মধ্যে ক্ষমতায় পরিবর্তন ঘটার আশা করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরোধিতায় সরব সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 11:05 PM

Updated : 25 Jul 2022, 05:27 PM

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এক সমাবেশে তিনি বলেন, “আজকে নিজেদের ক্ষমতার দাপট দেখাচ্ছে, তাদেরকে বলছি, ক্ষমতার পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যেই হবে। প্রত্যেক বিচারের আওতায় আনা হবে।”

ছাত্রলীগের সমালোচনার পর এই বক্তব্য দিলেও নির্বাচনের দুই বছর আগে কীভাবে ক্ষমতার বদল হবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

ছাত্র অধিকার পরিষদের নেতা নূর গত ১৭ নভেম্বর ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে একটি নতুন দল নিয়ে মাঠে নেমেছেন।

আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সালের সরকারের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া হয়েছেন এই দলের আহ্বায়ক, নুর সদস্য সচিব।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে এক সময় যুক্ত থাকা নূর আওয়ামী লীগের ছাত্র সংগঠনটির কড়া সমালোচনা করেন সমাবেশে।

তিনি বলেন, “ছাত্রলীগ শিক্ষার্থীদের কোনো সংগঠন হতে পারেন না। এটা সন্ত্রাস তৈরির মেশিন। আজকে ছাত্রলীগ হামলা-মামলা, হল দখল ও টেন্ডারবাজি করছে।

“এনএসএফ এক সময় (পাকিস্তান আমলে)  অনেক শক্তিশালী ছিল। কোথায় আজ তারা? এনএসফের মতো ছাত্রলীগও নিষিদ্ধ হবে। শিক্ষার্থীদের আমি বলব, এই দুর্বৃত্তদের সংগঠনকে পরিহার করুন।”

ডাকসু ভবনে নূরসহ ছাত্র পরিষদের নেতা-কর্মীদের উপর ‘ছাত্রলীগের’ হামলার  দুই বছরপূর্তি উপলক্ষে এই সমাবেশ হয়। সমাবেশস্থলে সেই হামলার আলোকচিত্র দেখানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হামলারই বিচার পাননি মন্তব্য করে নূর বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে বিমাতাসুলভ আচরণ শুরু করেছেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার।”

২৮ বছর অনুষ্ঠিত ডাকসুর নির্বাচনে নূর ভিপি হন। সেই ডাকসুর মেয়াদ শেষের পর বছর গড়ালেও মহামারীর মধ্যে নতুন নির্বাচনের আয়োজন আর হয়নি।

নূর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ করে বলেন, “ডাকসু নির্বাচন দিতেই হবে। ডাকসু নির্বাচন নিয়ে টালবাহানা করলে আপনাদের গদি হারাতে হবে, আমি হুঁশিয়ার করে দিচ্ছি।”

ডাকসুর নির্বাচনের দাবিতে সব ছাত্র সংগঠনকে সংগঠিত হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

সমাবেশে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁন,ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন বক্তব্য দেন।