‘বিএনপি ফের এলে বাংলাদেশ হবে জঙ্গি রাষ্ট্র’
খালেদা জিয়া দেশের চেহারা পাল্টে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় এলে দেশের চেহারা পাল্টাবে, তবে তা হবে জঙ্গি রাষ্ট্র।
খালেদা জিয়া দেশের চেহারা পাল্টে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় এলে দেশের চেহারা পাল্টাবে, তবে তা হবে জঙ্গি রাষ্ট্র।
মঙ্গলবার ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমরা যা দেখেছি তা হলো বাংলা ভাই, জঙ্গিবাদের উত্থান, গ্রেনেড হামলা এবং সাংবাদিক ও সুশীল সমাজের ওপর তাদের নির্যাতন।”
“আবার ক্ষমতায় আসলে এসব আরো ভয়াবহ রূপ নেবে এবং বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে।”
সোমবার বরিশালে এক জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, “আরেকবার জনগণের সমর্থন ও সুযোগ চাই। আমি এদেশের চেহারা পাল্টে দেব। বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে উপহার দেব।’’
তবে বাংলাদেশের মানুষ আর জঙ্গিবাদের উত্থান দেখতে চায় না মন্তব্য করে কামরুল বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ আর ওদিকে ফিরে যাবে না।”
গত কিছুদিন ধরে সারা দেশে পুলিশের ওপর জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের হামলার ঘটনা নিয়েও কথা বলেন আইন প্রতিমন্ত্রী।
এ সহিংসতায় প্রধান বিরোধী দল বিএনপির ইন্ধন থাকার অভিযোগ এনে তিনি বলেন, “একাত্তরের ঘাতকদের বিচার বন্ধ করার জন্য জামাত-শিবিরের সাথে ছাত্রদল ও যুবদলও মাঠে নেমেছে।”
যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে কামরুল বলেন, যে সমাজে অপরাধীরা শাস্তি পায় না সে সমাজ সভ্য সমাজ হতে পারে না। এই কলঙ্ক দূর করতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার চলছে।
আগের সরকারগুলোর সময়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও একাত্তরের যুদ্ধাপরাধের বিচার হয়নি বলেই দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের উত্থান ঘটেছিল বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান আইন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ষাটের দশকে পত্রিকা ছিল সমাজের দর্পণ। প্রথিতযশা কলাম লেখকরা তাদের নিরপেক্ষ লেখনীর মাধ্যমে দিক নির্দেশনা দিতেন।
“কিন্তু এখন পরিবর্তন ঘটেছে। এখন আর সে অবস্থা দেখছি না। এখন আর কেউ সংবাদপত্রকে সমাজের দর্পণ বলে না।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সচেতনভাবে রিপোর্ট করতে হবে। কোনো একটা রিপোর্টের কারণে সমাজ যাতে বিভ্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবার একটি রিপোর্টের মাধ্যমে সমাজকে এগিয়ে নেয়া গেলে তাই করতে হবে।”
সমিতির সভাপতি সাব্বির মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সংসদ সদস্য মতিউর রহমান, পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল জলিল ও উপ-কমিশনার মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
