২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দমনে আ. লীগের হাতে অবৈধ অস্ত্র: তরিকুল

“বিএনপির অস্ত্র জনগণ। আর আওয়ামী লীগের অস্ত্র বন্দুক-লাঠিসোঁটা ও কিরিচ।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2012, 07:42 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

বিরোধী দলকে দমনে আওয়ামী লীগ ‘অবৈধ অস্ত্র’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিশ্বজিত দাস হত্যার কথা তুলে ধরে তিনি বলেন, “আজ আওয়ামী লীগের হাতে সব অবৈধ অস্ত্র। এসব অবৈধ অস্ত্র দিয়ে তারা বিরোধী দলসহ জনগণের ওপর হামলা চালাচ্ছে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে তরিকুল ইসলাম বলেন, “আশরাফ সাহেব বলেছেন, বিএনপি-জামায়াত মিলে অস্ত্রের দোকান খুলেছে।

“আমি স্পষ্টভাষায় তাকে বলতে চাই, বিএনপির অস্ত্র জনগণ। আর আওয়ামী লীগের অস্ত্র বন্দুক-লাঠিসোঁটা ও কিরিচ।”

এই প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলমের ওপর হামলার ঘটনা তুলে ধরে তরিকুল বলেন, “সরকারি দলের গুণ্ডারা তাকে গুলিবিদ্ধ করেছে।”

অবরোধের দিন ছাত্রলীগ নেতা-কর্মীদের ‘হামলায়’ নিহত বিশ্বজিতের পরিবারকে উদ্ধৃত করে বিএনপি নেতা বলেন, “তার বোন বলেছেন, তার ভাইকে সরকারি দলের গুণ্ডারা খুন করেছে। তার ভাই বলেছেন, ‘আমরা হিন্দু, জামায়াত-শিবির করি না, তারপরও আমার ভাইকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে’।

“দেশ-বিদেশের মানুষ দেখেছে, কীভাবে বিশ্বজিত দাসকে ছাত্রলীগের গুণ্ডারা হত্যা করেছে। তারপরও স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।”

সরকারের বিরুদ্ধে অচিরেই জনগণ ‘ফুঁসে উঠবে’ দাবি করে তরিকুল বলেন, “সময় আর বেশি দূরে নয়, জনগণ এই জালিম সরকারের বিরুদ্ধে কারফিউ দেবে। মন্ত্রী-এমপিদের বাড়ি ঘেরাও করবে।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবিতে ঢাকাস্থ ঠাকুরগাঁওবাসীর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন তরিকুল।

অবরোধের দিন গাড়ি ভাংচুরের মামলায় ফখরুলকে জড়ানোর নিন্দা জানিয়ে তিনি বলেন, “অন্যায়ভাবে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ময়লা-আবর্জনার গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে।

“ক্ষমতাসীনদের রাজনৈতিক সংস্কৃতি সিটি করপোরেশনের ময়লার গাড়ির মতোই দুর্গন্ধময় হয়ে গেছে।”

মির্জা ফখরুলকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করা হবে, বলেন তরিকুল।

বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ঢাকা মহানগর নেতা নবীউল্লাহ নবীকে রিমান্ডে নেয়ারও সমালোচনা করেন তিনি।

মানববন্ধনে বিএনপির নেতা শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, জাসাস সাধারণ সম্পাদক মনির খানও অংশ নেন।

নাজিমউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকাস্থ ভোলার চরফ্যাশন-মনপুরা জাতীয়তাবাদী ফোরামের এক আলোচনা সভায়ও তরিকুল বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি মোছলে উদ্দিন মৃধার সভাপতি ওই সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, ফজলুল হক মিলন, মোস্তাফিজুর রহমান বাবুল, খায়রুল কবীর খোকন, হেলেন জেরিন খান, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।

সভায় নাজিমউদ্দিন আলমের স্ত্রী শওকত আরা নাজিম ও মেয়ে সাবিলা নাজিমও উপস্থিত ছিলেন।

গত ৯ ডিসেম্বর রাজপথ অবরোধ কর্মসূচির সময়ে সাভারের আমিনবাজারে গুলিবিদ্ধ নাজিমউদ্দিন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।