দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিএনপির লিফলেট
ডিজেল-কেরোসিনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ‘আন্দোলন গড়ে তুলতে’ দেশব্যাপী লিফলেট বিতরণ করছে বিএনপি।
সোমবার রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
আগামী ৪১ দিন সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলবে বলে সাংবাদিকদের জানিয়েছেন দলটির মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান।
তিনি বলেন, “আজ থেকে ১৯ তারিখ পর্যন্ত বিএনপি সারাদেশব্যাপী, এরপর প্রতিটা অঙ্গসংগঠন করবে তিনদিন করে। ৪১ দিন এই কর্মসূচি চলবে আমাদের।”
তিনি জানান, ডিজেল-কেরোসিন এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে গ্রাম-গঞ্জ, উপজেলা-থানা, ইউনিয়ন-ওয়ার্ড, রেলস্টেশন-লঞ্চঘাট, শপিংমল, রিকশা গ্যারেজ, হাট-বাজারসহ প্রতিটি স্থানে লিফলেট বিতরণ করা হবে।
বাসভাড়া বাড়ানোকে সরকারের ‘সাজানো নাটক’ আখ্যায়িত করে তিনি বলেন, “দেখানো হয়েছে পরিবহন স্ট্রাইক হয়েছে; সেজন্য বাসের ভাড়া, পরিবহন ভাড়া, লঞ্চের ভাড়া বৃদ্ধি করতে হবে। এই অনুযায়ী তারা ভাড়া বৃদ্ধি করেছে।
“আমাদের দাবি অবিলম্বে ডিজেল-কেরোসিনের দাম কমাতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে। এই সরকার জনগণের নির্বাচিত নয়, তারা জনগনের কাছে দায়বদ্ধ নয়। এদেরকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।”
নির্দলীয় সরকারের অধীনে ভোটের মাধ্যমে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠা হলে এসব সমস্যার সমাধান হবে বলেও দাবি করেন ঢাকা মহানগর বিএনপির উত্তরের এই আহ্বায়ক।
৩ অক্টোবর মধ্যরাত থেকে সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে। সেজন্য আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখানো হয়।
ডিজেলের দাম ২৩ শতাং বাড়ানোর পর পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটে গেলে তিন দিন সারা দেশে জনভোগান্তি হয়। এরপর মালিকদের সঙ্গে বৈঠক করে বাস ভাড়া ২৭ শতাংশ এবং লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়ায় সরকার।
বিএনপির মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘দুর্ভোগের’ বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ‘আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে’ তাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি।
“আমরা জনগণকে বলব, এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদমুখর হোন। প্রতিবাদ না করলে এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করবে, জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন চালাবে।”
বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আমিরুজ্জামান শিমুল, মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লিফলেটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ডিজেল-কেরোসিন, পানি-বিদ্যুৎ,সুতা-রংয়ের দাম কমানোসহ ১২ দফা দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন
