২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে হাসপাতালে ভর্তি, আরও পরীক্ষা নিরীক্ষা

খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে; যে কারণে তাকে ভর্তিও করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 12:19 AM

Updated : 02 Aug 2022, 06:34 PM

শনিবার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসনকে কেবিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক এজেএম জাহিদ হোসেন।

তিনি জানান, “ম্যাডামকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতাল মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রাখতে ভর্তি করা হয়েছে। তাকে কেবিন রাখা হয়েছে।“

প্রায় এক মাস পর বাড়িতে ফিরিয়ে নেওয়ার ছয় দিনের মধ্যে আবার শনিবার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে।

বিকাল ৫টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালে যাওয়ার সময় গাড়িতে তার সঙ্গে ছিলেন ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

তখন স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে তাকে হাসপাতালে নেওয়া হবে জানিয়ে তার নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

খালেদা জিয়া কি হাসপাতালে ভর্তি হচ্ছেন- জানতে চাইলে ডা. জাহিদ বলেন, “ম্যাডামের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ড তাকে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত আপনাদের জানাতে পারব।”

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর গুলশানের বাসায় ফিরেছিলেন ৭৬ বছর বয়সী খালেদা।

তার আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবছরের মাঝামাঝিতে ৫৪ দিন হাসপাতালে ছিলেন তিনি।

হাসপাতাল থেকে খালেদা বাসায় ফিরলেন পুত্রবধূর হাত ধরে  

খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

সাবেক এই প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর পরিবারের আবেদনে গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। তখন থেকে তিনি গুলশানের বাড়ি ফিরোজায় রয়েছেন।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়েছিল তার পরিবার। তবে সরকার বলেছে, সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দিতে হবে।