২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে সহিংসতার দায় ইসিকেও নিতে হবে: জিএম কাদের

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 06:51 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

বৃহস্পতিবার এক দলীয় সভায় তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে খুনোখুনি চলছে। নির্বাচনের নামে প্রহসন চলছে, তামাশার নির্বাচন চলছে দেশে। নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

“অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা প্রয়োগ করছে না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।”

স্থানীয় সরকারের এ নির্বাচন ঘিরে সহিংসতা আর প্রাণহানির বাড়তে থাকায় নির্বাচন কমিশনও অস্বস্তিতে রয়েছে।

অবশ্য প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বুধবার ইসিতে সাংবাদিকদের বলেছিলেন, ঘরে ঘরে পাড়া মহল্লায় পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয়।

সরকারি দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে ‘মরিয়া’ অভিযোগ করে সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, “সরকার দলীয় প্রার্থীরা হামলা-মামলা করছে জাপা প্রার্থীদের ওপর। সরকারি দলের সমর্থকরা নির্বাচনের মাঠে ভিন্নমতাবলম্বীদের দাঁড়াতে দিচ্ছে না।

“ইউনিয়ন পরিষদ হচ্ছে সবচেয়ে কম ক্ষমতার একটি প্রতিষ্ঠান, যেখানে বাজেটও থাকে স্বল্প। কিন্তু নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে না পারাটা দুর্ভাগ্যজনক।”

রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ওই সভায় ‘জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়। এ সংগঠন জাপার সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

জিএম কাদের বলেন, “শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সকল মন্ত্রণালয়ই দুর্নীতিতে ছেয়ে গেছে। দুর্নীতিই এখন নীতি হয়ে দাঁড়িয়েছে। যারা দুর্নীতি করে, সমাজে তারাই বুক ফুলিয়ে চলে। আর যারা দুর্নীতি করে না, তারা অনেক সময় নির্যাতনের শিকার হচ্ছে।”

দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, “নির্বাচনের আগে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশে এখন কোটি কোটি বেকার কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে।”

মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইকরাম হোসেন বাবুর সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ওমর, যুগ্ম মহাসচিব জসীম উদ্দিন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান আকাশ বক্তব্য দেন।